২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে প্রার্থী বদলাল জাপা

চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে প্রার্থী বদলাল জাপা

জাতীঢ পার্টির পতাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 11:47 PM

Updated : 03 Jan 2023, 11:47 PM

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আগের প্রার্থীকে বাদ দিয়ে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। 

মঙ্গলবার জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এর আগে গত ২৭ ডিসেম্বর ওই আসনে রেজাউল ইসলাম ভূইয়াকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিল সংসদের বিরোধী দলটি। বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের মধ্যে সেদিন চারটির প্রার্থী মনোনীত করেছিল দলটি। এক সপ্তাহের মাথায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী বদলানোর পাশাপাশি বাকি দুই আসনেও প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। 

দলের চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানান, মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোস্তাফিজুর রহমান মুকুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

মনোনয়ন বোর্ডের সভায় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু ছাড়াও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফকরুল ইমাম, চেয়ারম্যানের উপদেষ্টা এম এম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান। 

গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরদিন তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

তাদের মধ্যে ছয়জনের ছেড়ে যাওয়া আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। আর রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-৫০) ভোটের তারিখ ওই ছয় আসনের উপনির্বাচনের পর ফয়সালা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উপনির্বাচনের ছয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি বাকি তিনটির মধ্যে দুটি ছেড়ে দিচ্ছে ১৪ দলীয় জোট শরিকদের; অন্যটিতে কোনো প্রার্থী দিচ্ছে না।

আরও খবর

পুরনো খবর:

উপনির্বাচনে ৪ আসনে প্রার্থী ঘোষণা জাপার
বিএনপির ছেড়ে দেওয়া ৫ আসনে ভোট ১ ফেব্রুয়ারি
হারুনের আসনেও উপ নির্বাচন ১ ফেব্রুয়ারি
উপনির্বাচনে ৩ আসনে নৌকার প্রার্থী ঘোষণা