উপনির্বাচনে ৪ আসনে প্রার্থী ঘোষণা জাপার
আগামী ১ ফেব্রুয়ারি ছয়টি আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন।
বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের মধ্য চারটির উপনির্বাচনে প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি।
মঙ্গলবার রাতে দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদের উপ নির্বাচনে চারটি আসনে প্রার্থীতা চূড়ান্ত করেছে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড।
ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৬ আসনে নূরুল ইসলাম ওমর, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রেজাউল ইসলাম ভূইয়া লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন।
গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরদিন তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
তাদের মধ্যে ছয়জনের ছেড়ে যাওয়া আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। আর রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-৫০) ভোটের তারিখ ওই ছয় আসনের উপনির্বাচনের পর ফয়সালা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
