বিএনপিকে রাজনৈতিক দল বলতে নারাজ হাছান মাহমুদ
হাছান মাহমুদ বলেন, “তারেকের নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করেছে, তাদের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না।“
বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে ‘সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ’ ধারণ করায় এই দলটিকে আর রাজনৈতিক দল বলতে রাজি নন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তাই দেশের যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বসতে প্রস্তুত হলেও, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “বিএনপি এখন আর রাজনৈতিক দলে নাই। বিএনপি এখন সন্ত্রাসী দলে, সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে। যারা রাষ্ট্রের বেদীমূলে আঘাত হানে, প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা চালায় অর্থাৎ বিচার ব্যবস্থার ওপর হামলা চালায়। যারা হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, যারা পুলিশ হত্যা করে, তারা কখনও রাজনৈতিক দল হতে পারে না।
“বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাদের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না।”
আওয়ামী লীগ যে কারো সাথে রাজনৈতিক দল হিসেবে আলোচনা করতে পারে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “যারা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে, যারা দেশের সংবিধান মানে, আইন ও বিচার ব্যবস্থাকে মানে তাদের সাথে আলোচনা হবে। তারেকের নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করেছে, তাদের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।”
এছাড়া সারাদেশে ‘চোরাগুপ্তা হামলা ও নৈরাজ্য’ সারা দেশে ছড়িয়ে দিতেই হরতালের পর বিএনপি অবরোধ কর্মসুচি দিয়েছে বলেও সচিবালয়ে সাংবাদিকদের বলেন হাছান মাহমুদ।
অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে জনগণ দলটির বিরুদ্ধে ‘যথাপোযুক্ত’ ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেছেন সরকারের এই মন্ত্রী।
হরতালের পর নতুন কর্মসূচি হিসেবে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন দেশজুড়ে 'সর্বাত্মক অবরোধ’র ডাক দিয়েছে বিএনপি।
সেই ৭২ ঘণ্টার অবরোধ শুরুর আগের দিন সোমবার সচিবালয়ে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খণ্ড’ বইয়ের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “তারা (বিএনপি) স্পষ্টত নৈরাজ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিন দিনের অবরোধ ডেকেছে। তাদের উদ্দ্যেশ্য অবরোধ করা নয়। তারা জানে তাদের পক্ষে দেশে অবরোধ কার্যকর করা সম্ভবপরও নয়।
“কিন্তু তারা চোরাগুপ্তা হামলা, নৈরাজ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তারা অবরোধ ডেকেছে। আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি, দুস্কৃতিকারীদের বিরুদ্ধে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করার।“
আওয়ামী লীগের শনিবারের শান্তি সমাবেশে দলের নারী কর্মীরা বিএনপির লোকজনের হাতে নিগৃহীত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
“তারা আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে অনেককে মারধর করেছে। মহিলাদের কাপড় ধরেও টানাটানি করেছে। দেড় কিলোমিটার দুরে এত তাণ্ডব চালালো আমাদের নেতাকর্মীরা কিন্তু সেখানে যায়নি, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রেখেছিলাম” বলেন হাছান মাহমুদ।
এ সময় তিনি লালমনিরহাটে স্থানীয় আওয়ামী লীগের শান্তি মিছিলে জাহাঙ্গীর হোসেন নামের এক শ্রমিক লীগ নেতার খুন হওয়ার তথ্য তুলে ধরেন।
বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনয়নের প্রতিক্রিয়া নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানিয়েছে, এটি আমরা মনে করি এই সহিংসতা বন্ধ করার ক্ষেত্রে সহায়ক হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এটিও বলা হয়েছে সহিংসতার ভিত্তিতে ভিসা নীতি নিয়েও তারা ভাববে।”
সাংবাদিকদের সামনে প্রেস ইনিস্টিটিউট প্রকাশিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খণ্ড’ বইটি তুলে ধরে হাছান মাহমুদ বলেন, যারা রাজনীতি করেন তাদের জন্য এই সহায়ক হবে।
