ডিএমপির প্রস্তাব ‘অন্য কোথাও’, নয়া পল্টনেই অনড় বিএনপি
ডিএমপির চিঠি পেয়ে রিজভী পাল্টা চিঠিতে বলেছেন, “অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।”
আগামী শনিবার ঢাকায় ‘মহাসমাবেশ’ নয়া পল্টন ছাড়া অন্য কোথাও করা সম্ভব নয় জানিয়ে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি।
পুলিশের পক্ষ থেকে ‘বিকল্প দুটি স্থান চেয়ে’ চিঠি পাওয়ার পর সংবাদ সম্মেলন করে দলের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি পল্টন থানাকে চিঠি দিয়েও বিষয়টি জানানো হয়েছে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকেও চিঠি পৌঁছে দেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া। একে সমাবেশের বিকল্প দুটি স্থান চাওয়ার পাশাপাশি সাতটি বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়।
যেমন সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না, ইত্যাদি।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “তারা (ডিএমপি) জানতে চেয়েছে যে, ভ্যানু (সমাবেশের) অন্য কোথাও করব কি না। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমাদের ভ্যানু এই দলীয় কার্যালয়ের (নয়া পল্টন) সামনেই থাকবে।”
সালাউদ্দিন মিয়াকে দেওয়া পাল্টা চিঠিতে বিএনপি নেতা বলেন, “২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়া পল্টনস্থ বিএনপির প্রধান কার্যালয়ে সামনেই আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।”
ডিএমপি অন্য যেসব বিষয়ে জানতে চেয়েছে, সেগুলোর জবাবে রিজভী লেখেন, ১. তাদের সমাবেশটি বেলা ২টায় শুরু হবে, মাগরিবের আজানের আগে শেষ হবে; ২. সমাবেশে এক থেকে সোয়া এক লাখ লোক হতে পারে; ৩. সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে; ৪. সমাবেশে পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছু দূর অন্তর অন্তর মাইক লাগানো হবে; ৫. সমাবেশে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন না; এবং ৬. সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় দলের নিজস্ব ৫০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের ‘এক দফার চূড়ান্ত আন্দোলনের’ অংশ হিসেবে শনিবারের এই সমাবেশটি আহ্বান করা হয় গত গত ১৮ অক্টোবর।
কর্মদিবসে সেদিন বিএনপির জমায়েত ছিল নয়া পল্টনেই। সেই সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগামী ২৮ তারিখ শনিবার আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। ইনশাআল্লাহ তারপরে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না।“
একই দিন আওয়ামী লীগের পাল্টা একটি সমাবেশ হয় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। আর ক্ষমতাসীন দল সেই একই ভেন্যুতেই শনিবার পাল্টা সমাবেশ ডাকে। গত ২০ অক্টোবর সমাবেশের স্থান উল্লেখ করে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেন দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
পরের দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরেকটি চিঠিতে নয়া পল্টনে জমায়েত হওয়ার সিদ্ধান্ত জানিয়ে আরেকটি চিঠি দেন ডিএমপি কমিশনারকে। তবে ডিএমপির পক্ষ থেকে কোনো দলকেই সিদ্ধান্ত জানানো হয়নি।
সমাবেশের দুই দিন আগে বৃহস্পতিবার প্রকাশ পায়, বুধবার দুই দলকেই সড়কের বদলে ময়দানে জমায়েত হওয়ার প্রস্তাব দিয়ে চিঠি দেয় মহানগর পুলিশ।
ডিএমপির পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নয়া পল্টন ছাড়া বিএনপির কাছে বিকল্প কোনো জায়গা আছে কি না তা জানতে চাওয়া হয়েছে।”
২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগেও জনসভার স্থান নিয়ে এমন একটি বিরোধ তৈরি হয়েছিল। সে সময়ও বিএনপি নয়া পল্টনে জমায়েত হওয়ার বিষয়ে অনড় ছিল। কিন্তু সংঘাত-সংঘর্ষসহ নানা ঘটনাপ্রবাহ শেষে শেষ পর্যন্ত সমাবেশটি হয় নয়া পল্টনের কিলোমিটার পাঁচেক দূরে সায়েদাবাদের গোলাপবাগ মাঠে।
সেই সমাবেশের আগেও ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশের পক্ষ থেকে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটি প্রত্যাখ্যান করে ‘অনুমতি ছাড়াই’ ৭ ডিসেম্বর নয়া পল্টনে জড়ো হতে চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ।
কয়েক ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ তল্লাশি চালায় নয়া পল্টনের কার্যালয়ে। পরে গ্রেপ্তার হন মির্জা ফখরুল, রিজভীসহ বহু নেতা-কর্মী।
২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ডাকার পর আওয়ামী লীগের পক্ষ থেকে দলটিকে ১০ ডিসেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করানো হয়েছে।
