২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের বাসাবাড়ির পানি-বিদ্যুৎ বন্ধ হলে কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির অসহযোগের ডাক নিয়ে মন্ত্রী বলেন, “এ দেশের জনগণ তাদের বয়কট করেছে। তাদের আন্দোলনে সাড়া দিচ্ছে না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 10:00 PM

Updated : 20 Dec 2023, 10:08 PM

যারা পানি-বিদ্যুৎ-গ্যাসসহ সেবার বিল বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন, তাদের বাসা বাড়িতে সেবা বন্ধ হয়ে গেলে কী হবে, জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সরকারের প্রতি অসহযোগিতার ডাক দিয়ে বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ প্রশ্ন রাখেন মন্ত্রী।

তিনি বলেন, “বিদ্যুৎ যদি তাদের বাসা থেকে চলে যায়, গ্যাস-পানি যদি বন্ধ হয়ে যায় তা হলে কী হবে? সংশ্লিষ্ট বিভাগ অন্য গ্রাহকদের জন্য যা করে তাদের জন্যই তাই করবে। সেটা কি তারা বুঝতে পারছে? সেটা তাদের চিন্তা করা উচিত।”

বিএনপির এই আহ্বানে কোনো প্রভাব পড়বে, এমনটা অবশ্য মনে করেন না মন্ত্রী। বিএনপিকে ‘জনবিচ্ছিন্ন’ উল্লেখ করে তিনি বলেন, “তাদের ডাকে এখন আর কেউ সাড়া দেয় না।

“জনগণ তাদের চেনে। সঠিকভাবেই সময়মতো তারা ভোট দেবে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন এদেশের জনগণকে উপহার দেবে।”

জনগণের রায়ই সরকার বদলানোর একমাত্র পথ-সেটি স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, “অথচ তারা (বিএনপি) নির্বাচন ঘিরে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।”

নির্বাচন ঘিরে এক ধরনের উত্তেজনা চলছে- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, “নির্বাচনে উত্তেজনা থাকবেই। আমারও তো উত্তেজনা আছে। এটা অস্বাভাবিক কিছু না।”

নির্বাচন ঘিরে অরাজকতা হলে নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উল্লেখ করে কামাল বলেন, “আমাদের বড় প্রশিক্ষিত আনসার বাহিনী আছে। যখন যা প্রয়োজন তাদের কাজে লাগানো হয়। বিজিবি-পুলিশ অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত। সুষ্ঠু নির্বাচন যেন হয় সে ব্যাপারে তারাই কাজ করবে।”

নির্বাচন কমিশনও সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “তারা সব সময় নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে।”

‘বিএনপিকে বয়কট করেছে মানুষ’

বিএনপির লাগাতার কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ দেশের জনগণ তাদের বয়কট করেছে। তাদের আন্দোলনে সাড়া দিচ্ছে না। কিন্তু তারা নির্বাচনে না গিয়ে ক্রমাগত একটার পর একটা কর্মসূচি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। নির্বাচন যেন না হয় সে অবস্থার সৃষ্টি করছে।

“২৮ অক্টোবরের পর থেকে তারা ক্রমাগতভাবে বাসে আগুন, হাসপাতালে হামলা, রেললাইন উপড়ে ফেলা বা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করছে। নাশকতা তারা বিরামহীমভাবে চালিয়ে যাচ্ছে। যারা অমানুষ, যাদের জানোয়ার বলতে ঘৃণা হয়, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।”

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “খুব শিগগিরই জানানো যাবে কারা ট্রেনে আগুন লাগিয়ে মানুষকে পুড়িয়ে মারার মত নাশকতার কাজটি করেছে।

“এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে যতগুলো শনাক্ত করা গেছে সবগুলো ছাত্রদল ও বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই ঘটেছে।”

পুরনো খবর:

এবার ‘অসহযোগ আন্দোলনের’ ডাক বিএনপির
অসহযোগ: ৩ দিন গণসংযোগ করবে বিএনপি, রোববার ফের অবরোধ