২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সফল হবে না’

আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 08:02 PM

Updated : 22 Nov 2023, 08:02 PM

দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রতিহত কিংবা প্রশ্নবিদ্ধ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি এবং সশ্লিষ্ট উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে এই সমন্বয় সভা হয়।

ওবায়দুল কাদের বলেন, “যারা মনে করেছিল কে আসে কে না আসে... ফুল কিন্তু ফুটতে শুরু করেছে। আরও অনেক ফুল ফুটবে। মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দেওয়া পর্যন্ত শত ফুল ফুটবে। কাজেই এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। উই আর হ্যাপি।

“সামনের কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এর মধ্যে কত ফুল ফুটবে। আর শীতকাল তো এসে গেছে, কিছু কিছু ফুল ফোটার সময়ও এসে গেছে। এখন কোন ফুল কোথায় ফুটছে...হঠাৎ জেগে উঠবে, অপেক্ষা করুন।”

তিনি বলেন, “অপপ্রচার প্রতিহত করতে হবে এবং নাশকতা ঠেকাতে হবে। নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে, কিন্তু ভণ্ডুল করা সম্ভব না। নির্বাচন এখন জনগণের সম্পদ। এই নির্বাচন প্রতিহত করার, প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা সফল হবে না।”

আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিদেশ নিয়ে এখন অত মাথা ঘামানোর প্রয়োজন নেই। যারা আমাদের ব্যাপারে মাথা ঘামাবে তারা এখন মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত। তারা হামাস আর ইসরায়েল নিয়ে ব্যস্ত। তারা রাশিয়া-ইউক্রেন নিয়ে এখনো ব্যস্ত। এখন তাদের কাজ আরও বেড়ে গেছে।

“আমাদের নিয়ে অত মাথা ঘামানোর সময় এবং সুযোগ শক্তিধররা খুব একটা পাবে বলে মনে হয় না। কারণ তাদের মাথায় এখন মধ্যপ্রাচ্য। তাদের মাথায় ইউরোপ। তাদের মাথায় তেলের মূল্য আরও বৃদ্ধি হবে সেই আশঙ্কা রয়ে গেছে। মধ্যপ্রাচ্যই সেই পথ খুলে দিয়েছে। কে নিষেধাজ্ঞা দিল, কে ভিসানীতি দিল এসব নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা আমাদের শক্তি নিয়ে চলি। আমাদের শক্তি আমাদের জনগণ।”