২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই প্রশ্নের মুখে পড়ে গেল রহস্য স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 06:18 PM

Updated : 22 Oct 2026, 06:28 PM

রহস্যের বার্তা নিয়ে জাতীয় দলে এসে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলেন আলিস আল ইসলাম। ওয়ানডে অভিষেকে খরুচে বোলিংয়ের পর এবার প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে ধরা ৩০ ছুঁইছুঁই স্পিনার।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে এখন আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে স্বতন্ত্র পর্যালোচনার মধ্যে দিয়ে যেতে হবে তার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।

ত্রিদেশীয় সিরিজে বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের বিপক্ষে আলিসের অভিষেক করায় বাংলাদেশ। এর আগে গত মাসে এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় তার। ওই টুর্নামেন্টেও একটি ম্যাচই খেলেন তিনি।

এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকের ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি আলিস। ৮.৫ ওভারে খরচ করেন ৪৭ রান। পাননি কোনো মেডেন, নিতে পারেননি উইকেটও। অবশ্য ব্যাটিং ব্যর্থতার দিনে তার ওপর আঙুল তোলা কঠিনই ছিল।

আম্পায়াররা ঠিকই প্রশ্ন তুলেছেন। তবে সেটি বোলিং অ্যাকশন নিয়ে। আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা অবশ্য নতুন নয়। ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একাধিকবার পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছে তার।

২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট দিয়ে দেশের ক্রিকেটে আবির্ভাব আলিসের। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে হইচই ফেলে দেন তিনি। তবে সেই টুর্নামেন্টেই প্রশ্নের মুখে পড়ে তার বোলিং অ্যাকশন।

সেবার পরীক্ষা দেওয়ার আগেই প্রায় ৮ মাসের জন্য ছিটকে যান আলিস। পরে বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় উৎরে ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পান তিনি। এরপর বারবার চোটের ধাক্কায় জর্জরিত হয় আলিসের ক্যারিয়ার।

পরে ২০২৫ সালের বিপিএলে আবারও প্রশ্নের মুখে পড়ে আলিসের বোলিং অ্যাকশন। আবারও পরীক্ষা দিয়ে বোলিংয়ে ফেরার অনুমতি পান এই রহস্য স্পিনার। ঘরোয়া ক্রিকেটে রহস্য ও বৈচিত্র্যের ঝলক দেখিয়েই জায়গা পান জাতীয় দলেও।

তবে আন্তর্জাতিক মঞ্চে শুরুর গল্পেই লেগে গেল প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের ধাক্কা। এবার আইসিসির পরীক্ষাগারেই দিতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরীক্ষা।