২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পাকিস্তান দলে সাইমের বদলি সাহিবজাদা

কোচের সঙ্গে আলোচনা করে ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সাইম আইয়ুব।

পাকিস্তান দলে সাইমের বদলি সাহিবজাদা

পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ছবি: সাহিবজাদার ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 06:22 PM

Updated : 26 Oct 2026, 06:22 PM

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ দিকে এসে দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিনিং অলরাউন্ডার সাইম আইয়ুবের বদলি হিসেবে ওপেনার সাহিবজাদা ফারহানকে ডেকেছে তারা।

পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পর নিজের ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেন সাইম। পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে তার অনুরোধ গ্রহণ করেছে।

ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে কেবল ২১ রান করতে পারেন সাইম। বছর জুড়েই ব্যাট হাতে রান করতে ভুগছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ২০২৬ সালে ১৯ ম্যাচ খেলে বাঁহাতি এই ব্যাটসম্যানের গড় কেবল ১৬.৫৫। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ বছরের একমাত্র ফিফটি করেন তিনি।

পড়তি ফর্মের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি সাইমের। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি প্রধান কোচ ও বোলিং কোচকে চাকরিচ্যুত করে পিসিবি। ক্রিকেট দুনিয়ায় তোলপাড় তৈরি করা ওই ঘটনার সময় পাকিস্তান দলে ফেরেন সাইম।

দলে ফিরে বলার মতো পারফর্ম করতে পারেননি ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সরাসরি বার্মিংহ্যামে টেস্ট খেলতে নামা এই ক্রিকেটার দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন রানের খাতা খুলতে।

চলমান ত্রিদেশীয় সিরিজে সাইমের পাশাপাশি ফাখার জামান ও বাবর আজমও বলার মতো কিছু করতে পারেননি। এই সিরিজে যৌথভাবে তাদের তিনজনের ব্যাটিং গড় মাত্র ১৫.১১।

আর চলতি বছর পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটিং গড় ১৯.৮১, যা এ বছর ওয়ানডে খেলা সব দলের মধ্যে সর্বনিম্ন। এই ধাক্কা কাটাতে চলতি বছরের মার্চে ওয়ানডে অভিষেক হওয়া ফারহানকে দলে নিয়েছে পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে রোববার রোমাঞ্চকর লড়াইয়ে এক উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি টপ অর্ডারে বদল আনার ইঙ্গিত দেন।

“হ্যাঁ, (টপ অর্ডার পরিবর্তন) হতে পারে। টপ অর্ডার থেকে আমাদের রান দরকার। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং দরকার। আমি আশাবাদী আমরা দলের মধ্যে সেই শক্তি ফিরিয়ে আনতে পারব।”

পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আইয়ুবের ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা বলা হলেও, প্রেসিডেন্ট’স ট্রফির ফাইনাল ছাড়া দেশটির ঘরোয়া ক্রিকেটে এখন কোনো ম্যাচ নেই। ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এটিই একমাত্র ম্যাচ। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ওই ম্যাচের কোনো দলেই নেই সাইম।

ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করা এই ক্রিকেটার আগামী মাসে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন।

সাহিবজাদার আগে রোববার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সুফিয়ান মুকিমের বদলি হিসেবে মাজ সাদাকাতকে দলে নেয় পাকিস্তান।