অনেক পরিবর্তনের অস্ট্রেলিয়া দলে ফিরলেন বিয়ার্ডম্যান ও ফ্রেজার-ম্যাকগার্ক
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিখ্যাত পেসত্রয়ীর অনুপস্থিতিতে ওয়ানডে দলের পেস আক্রমণ একদমই অনভিজ্ঞ, পরিবর্তনের ছড়াছড়ি টি-টোয়েন্টি দলেও।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ক্রিকেটে ফিরেছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হেইজেলউড। কিন্তু এখনই আবার ছেদ পড়ছে এই সংস্করণে তাদের পথচলায়। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যস্ত সময়কে ভাবনায় রেখে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিখ্যাত এই পেসত্রয়ীকে।
গত দুই বছরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বড় অস্ত্র হয়ে ওঠা ন্যাথান এলিস এই সিরিজে থাকছেন না চোটের কারণে। ওয়ানডেতে তাই একদম অভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই নামতে হবে তাদেরকে। তাদের অনুপস্থিতিতে দলে ফিরেছেন মাহলি বিয়ার্ডম্যান। ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন দারুণ সম্ভাবনাময় এই গতিময় ফাস্ট বোলার।
ওয়ানডের চেয়ে বেশি পরিবর্তন আছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত দলের একগাদা ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে টি-টোয়েন্টি দলে ফিরেছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। দলে ফিরেছেন আগ্রাসী অলরাউন্ডার মিচেল ওয়েনও। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন স্যাম হার্পার ও লাকলান শ।
আগামী বছরের বিশ্বকাপে তাকিয়ে সম্প্রতি ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে ফিরলেও ওয়ানডে দলে ফিরতে পারেননি টিম ডেভিড। টি-টোয়েন্টিতে অবশ্য আছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।
গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কটকে দলে ফেরানো হয়েছে। তার চোটের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকায় অভিষেক হওয়া জ্যাক এডওয়ার্ডসও জায়গা ধরে রেখেছেন।
আগামী মাসে দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য তরতাজা রাখতে পেসত্রয়ীকে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট সিরিজের আগে তারা শেফিল্ড শিল্ডে কোনো ম্যাচ খেলবেন কি না, তা নিশ্চিত নয় এখনও।
পেসত্রয়ীর সঙ্গে এলিসের অনুপস্থিতিতে ওয়ানডেতে দুর্বল পেস আক্রমণে তরুণ বিয়ার্ডম্যানের সঙ্গে থাকছেন জেভিয়ার বার্টলেট ও স্পেন্সার জনসন। সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার এডওয়ার্ডস ও স্কট। চোটের কারণে থাকছেন না পেসার বিলি স্ট্যানলেকও। মূল স্পিনার অ্যাডাম জ্যাম্পা অবশ্য খেলবেন এই সিরিজে।
টি-টোয়েন্টি স্কোয়াডকেও বল যায় প্রায় দ্বিতীয় সারির। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে ভাবনায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে আগে ট্র্যাভিস, হেড, ম্যাট রেনশ, জশ ইংলিস, কুপার কনোলি এবং ক্যামেরন গ্রিনকে। সবশেষ সিরিজে গত জুনে বাংলাদেশ সফরে অভিষিক্ত জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরি ধরে রেখেছেন জায়গা।
বিয়ার্ডম্যানকে দুটি স্কোয়াডেই জায়গা দেওয়ায় তাকে দলে নির্বাচকদের পরিকল্পনার ছোঁয়াও পাওয়া যায়। আগে একবার ওয়ানডে দলে ডাক পেলেও ম্যাচ খেলতে পারেননি। গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। অভিষেকে নিয়েছিলেন দুই উইকেট।
২১ বছর বয়সী গত মাসে অস্ট্রেলিয়া ‘এ’ দলের জয়ে ভারত সফরে গতির ঝড় তুলে ভোগান্তিতে ফেলেন সাই সুদার্শান, দেবদুত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়দের।
গত বছরের জুলাইয়ের পর প্রথমবার দলে ফিরেছেন ফ্রেজার-ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার হয়ে সাত ওয়ানডে ও আট টি-টোয়েন্টি খেলা আগ্রাসী ব্যাটসম্যান সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন। লিস্ট ‘এ’ টুর্নামেন্টে সবশেষ চার ম্যাচের তিনটিতে তার রান ৩৩ বলে অপরাজিত ৪৩, ৪৭ বলে ৮৮ ও ৬৩ বলে ১২২। হেড ও ইংলিসের অনুপস্থিতিতে তিনি ইনিংস শুরু করতে পারেন মিচেল মার্শের সঙ্গে।
টি-টোয়েন্টিতে প্রথমবার সুযোগ পাওয়া হার্পার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন অনেক দিন ধরেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় টেস্ট স্কোয়াডে ছিলেন তিনি।
টি-টোয়েন্টি দলে চমক বলা যায় লাকলাম শর সুযোগ পাওয়া। এই সংস্করণে স্রেফ ১১ ইনিংস খেলেছেন তিনি, ঘরোয়া অন্যান্য সংস্করণেও অভিজ্ঞতা নেই তেমন। আগ্রাসী ব্যাটার ও দুর্দান্ত ফিল্ডার হিসেবে অবশ্য পরিচিত আছে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের।
হার্পার ও শ সুযোগ পাওয়ায় ছিটকে গেছেন জশ ফিলিপি। সবশেষ বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছেন রাইলি মেরেডিথ ও ম্যাথু কুনেমান, চোটের কারণে নেই অলরাউন্ডার অ্যারন হার্ডি।
চিরপ্রতিদ্বন্দিদের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু ১৩ নভেম্বর, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২১ নভেম্বর।
অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, অলিভার পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হার্পার, স্পেন্সার জনসন, মিচেল ওয়েন, লাচলান শ, অ্যাডাম জাম্পা।
