০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘ভুল শুধরে’ জাতীয় দলে ফিরে ছুটছেন কিষান

ভারতীয় কিপার-ব্যাটসম্যান ইশান কিষান বলেছেন, কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন তিনি।

‘ভুল শুধরে’ জাতীয় দলে ফিরে ছুটছেন কিষান

ভারতের কিপার-ব্যাটসম্যান ইশান কিষান। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 09:13 PM

Updated : 07 Oct 2026, 09:13 PM

জাতীয় দল থেকে বাদ পড়ার পর হাল ছাড়েননি ইশান কিষান। নিজের ভুল বুঝতে পেরে, সেগুলো শুধরে নেন তিনি। কঠোর পরিশ্রম করে নিজেকে ভেঙে গড়েন আবার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে ফেরেন জাতীয় দলে। এরপর আর পেছনে তাকাতে হয়নি বাঁহাতি কিপার-ব্যাটসম্যানকে।

২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চেয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে আসেন কিষান। এরপর রাঞ্জি ট্রফিতে অংশ নেননি তিনি। পরে জাতীয় দল থেকে বাদ পড়েন এই ক্রিকেটার। সঙ্গে জায়গা হারান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে।

ওই সময় কিষানকে ঘিরে চলছিল নানা আলোচনা-সমালোচনা। শৃঙ্খলাভঙ্গের অনেক গুঞ্জনও শোনা যায় তাকে ঘিরে। তবে পরে ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়ে ২০২৫ সালে বিসিসিআইয়ের চুক্তিতে জায়গা করে নেন তিনি।

কঠোর পরিশ্রমের ফল গত জানুয়ারিতে পান কিষান। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দুই বছরের বেশি সময় পর জাতীয় দলে ফেরেন তিনি। দ্বিতীয় ম্যাচেই ৭৬ রান করেন। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৪৩ বলে খেলেন ১০৩ রানের বিস্ফোরক ইনিংস।

এখন ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ ২৮ বছর বয়সী কিষান। দলটির টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আসরে তিন ফিফটিতে চতুর্থ সর্বোচ্চ ৩১৭ রান করেন এই ক্রিকেটার। কিউইদের বিপক্ষে ফাইনালে খেলেন ২৫ বলে ৫৪ রানের ইনিংস।

এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের সোনা জয়েও কিষানের ছিল বড় ভূমিকা। সেমি-ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন তিনি। যদিও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আউট হয়ে যান ২০ রান করে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন কিষান। লখনৌয়ে মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে লক্ষ্য তাড়ায় ৩৭ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে গড়েন ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি। তাতে ক্যারিবিয়ানদের ১৭১ রান ৩২ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচ শেষে জিওহটস্টারে নিজের অতীতে করা ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন কিষান। সঙ্গে তুলে ধরেন ক্যারিয়ার নিয়ে তার ভাবনা।

“যখন জাতীয় দল থেকে বাদ পড়লাম, তখন নিজের করা কিছু ভুলের পরিণতি বুঝতে পারলাম। তাই ফিটনেস ও ব্যাটিং নিয়ে কাজ করেছি। ধৈর্য ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার দিকে মনোযোগ দিয়েছি।

“জানতাম যে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করতে থাকলে সুযোগ আবার আসবে। কঠোর পরিশ্রম করার কারণে আবার জাতীয় দলে ডাক পেয়েছি। দলে ফিরে আসার পর আবার বাদ পড়লে কী হবে, সেটা নিয়ে ভাবলে চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রিকেট উপভোগ করা এবং দলের সাফল্যে যতটা সম্ভব অবদান রাখার দিকে মনোযোগ দেওয়া। আমার কাজ রান করে যাওয়া। সেটা করতে পারলে বাকি বিষয়গুলো এমনিতেই ঠিক হয়ে যাবে।”

আগামী শুক্রবার রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।