২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোথা থেকে আগুন’, খোঁজ নেওয়া হচ্ছে: কাদের

বিএনপির উদ্দেশে তার বক্তব্য, আগুন লাগানোতে ‘দলটির কয়েক বছরের অভিজ্ঞতা’।

‘কোথা থেকে আগুন’, খোঁজ নেওয়া হচ্ছে: কাদের

দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 09:36 PM

Updated : 18 Apr 2023, 09:36 PM

শেখ হাসিনা সরকারকে হটাতে বিএনপি ‘আগুন নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, “তদন্ত করা হচ্ছে, খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। আগুন লাগানো ২০১৩, ১৪, ১৫ সালের প্র্যাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের… আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না।

“আজকে আগুনের কথা বলে মির্জা ফখরুল… লজ্জা শরম থাকলে অন্যের ঘাড়ে, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাত না। আওয়ামী যড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার বারবার। আওয়ামী জনগণের উন্নয়ন করে, বিএনপি করে পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, দুর্নীতি আর ভোটচুরি।"

কাদের বলেন, "আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, অসহায় মানুষের পাশে থাকা।

"শেখ হাসিনাকে হটাতে যে আগুন নিয়ে বিএনপি খেলছে সে আগুনই পুড়িয়ে মারবে বিএনপিকে।”

আগুন কারা লাগায় খোঁজ নেওয়া হচ্ছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, "বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্যে ভালো পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। না খেয়ে কেউ মারা গেছে এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালা এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?”

ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম বক্তব্য দেন।