সমাবেশ নিয়ে বিএনপিকে হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, “কোথাও কোনো জনদুর্ভোগ হলে কিংবা জানমালের ক্ষতি হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
বিএনপির সভা-সমাবেশকে কেন্দ্র করে ‘জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি’ হলে আইনশৃঙ্খলা বাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকার কাকরাইলে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি বিভিন্ন জায়গায় সভা, মিছিল, মিটিং বিক্ষোভ করছেন। শৃঙ্খলা মেনে তারা যদি সব কিছু করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই।
“কিন্তু কোথাও যদি কোনো জনদুর্ভোগ তৈরি করে, জনমানুষের চলাচলে বিঘ্ন ঘটে কিংবা জানমালের ক্ষতি হয়, তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এটা আমি আগেও বলে আসছি৷”
এদিক কাকরাইলের ইনিস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সামনে কথা বলেন।
সমাবেশ প্রসঙ্গে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, “তারা নাকি লাখ লাখ লোক ঢাকায় আনবেন ১০ তারিখে। আমাদেরকে ঢাকা থেকে বের করে দেবেন। তারা নাকি নতুন কিছু চিন্তা করছেন। তাদের অনেক রণকৌশল থাকতে পারে।
“এগুলো তারা করবেন। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। কোনো ধরনের জনদুর্ভোগ, কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হয়, যদি কোনো ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।”
পুলিশের কয়েকজনের বাধ্যতামূলক অবসরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, “আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিনড ফোর্স। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যই ফোর্স। সাধারণ মানুষের সেবার জন্যই ফোর্স।
“যারা দেশের কথা চিন্তা করে না, দেশপ্রেম যাদের হৃদয়ে নেই, যারা কাজকর্মে অনীহা প্রদর্শন করছে কিংবা তাদের যে দায়িত্ব সেই কাজটি করছেন না- এই সমস্ত অফিসারদের যাদের ২৫ বছর উত্তীর্ণ হয়ে গেছে, তাদের কর্মক্ষেত্রে যারা চরম অবহেলা করে চলছেন, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে।”
এমন কতজনকে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটা একটা চলমান প্রক্রিয়া। আজকে হয়েছে এমন কোনো কথা নেই কিন্তু। আপনি যদি আরও পেছনে তাকান প্রতিবছর প্রতিমাসে এরকম দুই-একজন অবসরে যাচ্ছে। এটা কোনো উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আসে না।”
কারিগরি শিক্ষায় গুরুত্ব
ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, “২০৪১ সালের মধ্যে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা করা দরকার, সব করছি৷ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আমরা আস্থাবান।"
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ডিপ্লোমা প্রকৌশল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "আমার সামনে যারা বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বসে আছেন, তারা তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। তখনই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেই বার্তাকেই আমাদের সবসময় জানান দিয়ে যাচ্ছে, এবং আমাদের সহযোগিতা করে আসছে।"
আসাদুজ্জামান খান কামাল বলেন, "বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কারিগরি শিক্ষার যে কোনো বিকল্প নেই, সেটি আমরা জানি, আপনাদেরও সেটা বুঝতে হবে। আমাদের শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমরা সবসময় জোর দিয়েছি। আমরা কোয়ালিটি এডুকেশনের কথা বলি, যার মধ্য দিয়ে আমরা দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরি করছি।"
সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প এগিয়ে নিতে বৈশ্বিক বাস্তবতা সামনে রেখে বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এবারের গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি’।
আসাদুজ্জামান খান কামাল বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমরা তীব্রভাবে হোঁচট খেয়েছি। আমাদের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার সক্ষমতা আছে। আমাদের ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ হলেই চলে। তারপরেও আমরা হোঁচট খাচ্ছি। আমরা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। আমরা হিসাব করে বাতি জ্বালাচ্ছি। সবাই মিলে চেষ্টা করছি।
“আমাদের সবচেয়ে বড় জ্বালানি ডিজেলের ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। প্রতিদিন এর দাম ওঠানামা করে। এবারের এই প্রতিপাদ্য তাই বর্তমান পরিস্থিতিতে যথার্থ হয়েছে।"
‘একটু চেষ্টা করলেই’ জ্বালানি সংকট মোকাবিলা করা যাবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বায়োগ্যাস প্ল্যান্ট, সোলা সিস্টেম এইসবের ব্যবহার করে আমরা জ্বালানি অপচয় রোধ করতে পারি। সেক্ষেত্রে আপনারাই আমাদের পথ দেখাবেন।"
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিগতভাবে শক্তিশালী হতে হবে মন্তব্য করে তিনি বলেন, "এখন থেকে ১৫ বছর আগের কথা চিন্তা করেন, কোথায় ছিলাম আমরা? আজকে কোথায় আছি? এসবকিছুই সম্ভব হয়েছে তার কারণে, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। তার নেতৃত্ব, তার দূরদর্শিতার কারণেই এইসব আমরা পেয়েছি।
“আমি আপনাদের শুধু এইটুকুই বলব, আপনারাই সেই কাণ্ডারি, আপনারাই সেই দক্ষ শক্তি, যার উপর আমরা ভরসা করি৷"
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইডিইবির দীর্ঘ ৫১ বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার পাশাপাশি ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে’ ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান তুলে ধরা হয়।
আলোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রারি উদ্বোধন করেন।
