পেট্রল বোমা মেরে ‘পলাতক সন্ত্রাসীকে’ বাংলাদেশে আনা যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
“পেট্রোল বোমা মেরে সন্ত্রাসীদের পালানোর স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ পরিণত হয়েছে।”
নিজের সিলেটের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আওয়ামী লীগ তো সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। পেট্রোল বোমা মেরে কোনো পলাতক সন্ত্রাসীকে দিল্লি থেকেও আনা যাবে না বাংলাদেশে। মানে বাণিজ্যিক বিমানের যাত্রী হিসাবে। ওই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আসলে হবে।
“‘জয় বাংলা’ হয়ে গেছে এখন পালানোর স্লোগান। মানে, পেট্রোল বোমা মেরে সন্ত্রাসীদের পালানোর স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ পরিণত হয়েছে। তবে এটা দেশের মানুষও ঘৃণা করে, সবাই ঘৃণা করে। এটা কোনো ফ্যাক্টরই না।”
বৃহস্পতিবার গভীররাতে সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে, কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।
আইসিজের রায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের পর পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির।
আইনের শক্ত হাতেই পেট্রোল বোমা নিক্ষেপকারীদের দমন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মূলত সন্ত্রাসবাদী কার্যক্রমের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং যেটার জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেই সন্ত্রাসী দলের মতো করে এখন কাজ করছে। এটাই বিষয়।
“তাদের নেত্রী ওখান থেকে বসে উৎসাহিত করেন বা অন্যান্য যারা আছে, বিদেশ থেকে এগুলা করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করছে এবং আইনের খুব লম্বা হাতে আমরা তাদেরকে ধরব।”
জাতিসংঘ সভাপতি, আইপিইউতে নির্বাচন, এলডিসি উত্তরণ পেছানো এবং আইসিজে রায়সহ বিভিন্নভাবে আট মাসে আন্তর্জাতিক মহলে বাংলাদেশে রাজনৈতিক অবস্থান এবং নেতৃত্ব ‘দৃশ্যমান’ ও ‘উজ্জ্বল’ হওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী হুমায়ুন।
তিন বলেন, বিদেশি বিনিয়োগ আসতেছে, বিভিন্ন বিনিয়োগ অংশদীরত্ব ও সহযোগিতা হচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান তৈরি অগ্রাধিকার দিয়ে কাজ কাজ হচ্ছে বাংলাদেশে।
“একটা ছোট সন্ত্রাসী গোষ্ঠী এটা নিতে পারতেছে না, দেশে কিছু তাণ্ডব চালাবে এবং তারা হাওয়ায় মিশে যাবে। সন্ত্রাসীদের কোনো টেকসই অবস্থান কোনখানে, কোনো দেশে হয় না এবং হবেও না। বাংলাদেশ তো হবেই না।”
ক্ষমতাসীন মন্ত্রী-এমপিদের বাসায় অব্যাহত হামলা মোকাবেলায় পদক্ষেপ সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, “দেখেন বিএনপি সরকার ধৈর্যশীল (টলারেন্ট) সরকার। আমরা স্বৈরাচারের মতো গণহারে মানুষের উপর স্ট্রিমরোলার করে…
“বললাম তো, একটা ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী করতেছে। দেশ কন্ট্রোলে আছে, দেশ ভালোই আছে, ভালোই পরিচালিত হচ্ছে। আমরা এই সন্ত্রাসীদের তাড়া করব এবং বিচার নিশ্চিত করব। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নাই।”
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবে বাংলাদেশে আতঙ্ক ছড়াইতে পারবে না। বরঞ্চ তারাই এখন আতঙ্কে ভাগতেছে। তারা কী করছে?
“একটা পেট্রল বোমা মারল, ‘জয় বাংলা’ বলেই দৌড়। জয় বাংলা বলেই দৌড়। বিলাইওতো কতক্ষণ দাঁড়ায়! জয় বাংলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের দাঁড়ানোর স্লোগান,” ঠাট্টা করে বলেন হুমায়ুন কবির।
