খালেদার কার্যালয়মুখে ঝাড়ু মিছিল
হরতাল-অবরোধ তুলে নেওয়ার দাবিতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়মুখে ঝাড়ু মিছিল হয়েছে, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের এক নারী সংসদ সদস্য।
‘আমরা মিরপুরবাসী’ ব্যানারে প্রায় দেড়শ’ নারী-পুরুষের ওই মিছিল মঙ্গলবার দুপুরে গুলশান দুই নম্বর গোল চত্বর থেকে ৮৬ নম্বরে সড়কের উদ্দেশে রওনা হয়।
৮৬ নম্বর সড়কের একটি বাড়িতে নিজের কার্যালয়ে দেড় মাস ধরে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ৫ জানুয়ারি পুলিশের বাধার মুখে বের হতে না পেরে তিনি লাগাতার অবরোধের ডাক দেন। এতে নাশকতায় এই পর্যন্ত প্রায় একশ’ জন মারা গেছেন।
মহিলা সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে খালেদার কার্যালয়মুখী ওই ঝাড়ু মিছিল ল্যান্ডমার্ক টাওয়ারে সামনে আটকে দেয় পুলিশ। তখন মিছিলকারীরা সেখানে সমাবেশ করেন।
মিছিলে অংশ নেওয়া হোটেল কর্মচারী মো. মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অবৈধ হরতাল প্রত্যাহারের দাবি নিয়ে এসেছি। আমরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই।”
মিছিলে থাকা শেরে বাংলা নগর থানা মহিলা যুবলীগের সভানেত্রী হামিদা মিতা বলেন, “আমরা স্বাভাবিকভাবে রাস্তায় বের হতে পারছি না। আমাদের সন্তানরা যারা পরীক্ষা দেবে তারা আতঙ্কে আছে। তাই বাধ্য হয়েই আমরা ঝাড়ুমিছিল বের করেছি।”
প্রায় ৫০ মিনিট সড়কে অবস্থান নিয়ে মিছিলকারীরা কর্মসূচি শেষ করে।
হরতাল-অবরোধ তুলে নেওয়ার দাবিতে সরকার সমর্থক বিভিন্ন সংগঠন গত কয়েকদিনে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকরাও ওই কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে।
