খালেদার গলিতে শাজাহানের সমাবেশ
খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে গিয়ে গুলশানে ৮৬ নম্বর সড়কের মুখে অবস্থান নিয়ে সমাবেশ করছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, যার নেতৃত্ব দিচ্ছেন নৌমন্ত্রী শাজাহান খান।
হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাস ও মানুষ হত্যার’ প্রতিবাদে সমন্বয় পরিষদের এ কর্মসূচি।
এ দিকে ওই সড়কে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পাশে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা।
আগের ঘোষণা অনুযায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা গুলশান ওয়ান্ডারল্যান্ডের সামনে জড়ো হন। বাসে করে বিভিন্ন স্থান থেকে তাদের নিয়ে আসতে দেখা যায়।
সেখানে হরতাল-অবরোধবিরোধী সমাবেশে ১৮ ফেব্রুয়ারি রাজধানীতে ট্রাক মিছিল ও ১৯ ফেব্রুয়ারি শাপলা চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পতাকা মিছিল ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
২৪ ঘণ্টার মধ্যে গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে নিতে সরকারের কাছে দাবি জানান তিনি।
শাজাহান বলেন, “আজ আমরা এখানে এসেছি খালেদা জিয়াকে জানান দেয়ার জন্য।এ অবস্থা যতদিন চলবে ততদিন কর্মসূচি অব্যাহত থাকবে।”
সরকারের উদ্দেশ্যে নৌমন্ত্রী বলেন, “খালেদা জিয়াকে গ্রেপ্তার করা না হলে জনগণই তাকে কোলে করে কাশিমপুর কারাগারে নিয়ে যাবে।”
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোর্শেদ হেলাল, মহাসিচব আবদুল আহাদ মতিন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান ও জাসদ নেত্রী শিরিন আক্তার এ সমাবেশে উপস্থিত ছিলেন।
ওয়ান্ডারল্যান্ডের সমাবেশ শেষে নেতাকর্মীরা রওনা হন গুলশান ২ নম্বর সেকশনের দিকে। খালেদা জিয়ার কার্যালয় যে রাস্তায়, সেই ৮৬ নম্বর সড়কের মুখে এসে একটি অস্থায়ী মঞ্চে তারা আবারও সমাবেশে বসেন।
এ সময় সমন্বয় পরিষদের নেতা-কর্মীদের হরতাল-অবরোধবিরোধী স্লোগান দিতে শোনা যায়।
৫ জানুয়ারি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩ জানুয়ারি বের হওয়ার সময় পুলিশের বাধা পেয়ে গুলশানের ওই বাড়িতে অবস্থান নেন খালেদা। পুলিশের ব্যারিকেড পরে সরিয়ে নেওয়া হলেও বাড়িতে না ফিরে তিনি সেখানেই দিন কাটাচ্ছেন। বিএনপি নেতাকর্মীরা মাঠে না থাকলেও গোপন স্থান থেকে বিবৃতি পাঠিয়ে জানানো হচ্ছে অবরোধের মধ্যে হরতালের বার্তা।
এর মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলে খালেদার কার্যালয় ২০ ঘণ্টা অন্ধকারে থাকে। নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, ওই কার্যালয়ের ইন্টারনেট ও কেবল টিভির সংযোগ এখনো বিচ্ছিন্ন। ওই কার্যালয়ের সামনে আগের মতো পুলিশি বেষ্টনি না থাকলেও এসবি সদস্যরা সেখানে ঢোকা-বের হওয়া নিয়ন্ত্রণ করছেন।
গত দুদিন ধরে ওই কার্যালয়ে নেতা-কর্মীদের খাবার ঢুকতে পুলিশ বাধা দেওয়ায় খালেদা জিয়া নিজেও খাচ্ছেন না বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা বিএনপি নেতা সেলিমা রহমান।
দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ‘সব ধরনের’ ব্যবস্থাই তারা নিয়েছেন।
