২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জেলে ফিরে আবেদন করলে আলোচনা হতে পারে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক আবারও বলেছেন, দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে জেলে ফিরে ‘নতুন করে’ আবেদন করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 03:51 PM

Updated : 02 Aug 2022, 06:45 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনে সরকার তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দিয়েছে। এখন আর শর্ত বদলে সেই আবেদনের ভিত্তিতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ‘সুযোগ নেই’।    

“আইনে আছে শর্তযুক্ত, শর্তমুক্ত। খালেদা জিয়ার দরখাস্ত নিষ্পত্তি হয়ে গেছে। সরকারকে আইনের মধ্যে থেকে কাজ করতে হয়। এই দরখাস্ত সেটি নিষ্পত্তি হয়ে গেছে। আমার কথা হল, আমি যেটা বারবার বলে আসছি, একটা নিষ্পত্তি করা দরখাস্ত, আইনে পুনর্বিবেচনা করার ক্ষমতা আমার নাই।”

এখন খালেদা জিয়া ‘নতুন করে একটি আবেদন করলে’ তার ওপর আলোচনা হতে পারে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, “আমি এখানেও বলছি, সংসদেও বলেছি। শর্তযুক্ত শর্তে তিনি সাজা স্থগিতে যে মুক্তি পেয়েছেন, সেটি যদি না মেনে পুনরায় জেলে যেতে চান, সেটাও হতে পারে। কিন্তু এই অবস্থায় ফৌজদারি কার্যবিধির কোথাও নাই যে তাকে আমরা আগের দরখাস্ত বিবেচনা করে বিদেশ যাবার সুবিধা করে দিতে পারি, সেটা নাই। কারণ বিদেশে পাঠানোর শর্ত আগের নিষ্পত্তি হওয়া দরখাস্তে ছিল না।”

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর খালেদার পরিবারের আবেদনে তাকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাকে দেশেই থাকতে হবে।

Image
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া, ফাইল ছবি

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া, ফাইল ছবি

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া ওঠেন গুলশানের বাসা ফিরোজায়। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হলে এ বছরের মাঝামাঝি তিনি প্রায় দুই মাস হাসাপাতালে থাকেন। এরপর আরও দুই দফা তাকে হাসপাতালে যেতে হয়।

৭৬ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী বুহ বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।

বাংলাদেশে খালেদা জিয়ার ‘সুচিকিৎসার ব্যবস্থা নেই’ দাবি করে তাকে বিদেশে পাঠানোর জন্য কয়েক দফা আবেদন করেছিলেন তার ভাই। সাময়িক মুক্তির শর্তের বিষয়টি উল্লেখ করে প্রতিবারই তা নাকচ করা হয়।

এবার লিভার সিরোসিস ধরা পড়ায় খালেদাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবারও সরকারের কাছে আবেদন করা হয়। আইন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত দিয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখানে আগের মতই বলা হয়েছে, খালেদা জিয়াকে অনুমতি দেওয়ার ‘আইনি সুযোগ নেই’।

খালেদা জিয়া: আইন মন্ত্রণালয় বলেছে ‘সুযোগ নেই’, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী  

আনিসুল হক আইনের ‘ভুল ব্যাখ্যা’ করছেন বলে যে অভিযোগ বিএনপি নেতারা করছেন, তার জবাবে মন্ত্রী বুধবার বলেন, “অনেকে বলছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা কারো বিদেশ যাওয়া বন্ধ করে না। আমি কখনো বলি নাই যে তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানো যাবে না। কিন্তু একবার নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা সুযোগ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় নাই।”

খালেদা জিয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে পুর্নবিবেচনা করা হবে কিনা- এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “এই মামলায় তিনি যখন সাজা ভোগ করছিলেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মানবিক দৃষ্টিকোণ থেকে দুটি বিশেষ শর্তে সাজা স্থগিত রেখে মুক্তি দেন।”

এভারকেয়ার হাসপাতালে ‘সর্বশেষ টেকনোলজি’ ব্যবহার করে খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে এ অনুষ্ঠানে তথ্য দেন আনিসুল হক।

তিনি বলেন, “সম্প্রতি তারা সর্বশেষ টেকনোলজির একটি ক্যাপসুল আমদানি করেছেন, যেটা খেয়ে ফেললে ভেতরে গিয়ে ক্যামেরার কাজ করবে। ভেতরের সব অবস্থান ক্যামেরাবন্দি হবে।

“আমি তার সর্বশেষ অবস্থা জানি না। তবে যতটুকু জানি, তার শারীরিক অবস্থা, আগের চাইতে কিছুটা উন্নতি হয়েছে। এখানে তিনি যতটুকু সম্ভব, সু-চিকিৎসা পাচ্ছেন। সেখানে সরকারের কোনো হাত নেই, তারা যেভাবে চান, সেভাবে তার চিকিৎসা হচ্ছে।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতিতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) এই বার্ষিক সম্মেলনে প্রধান বিচারপতি নিয়োগ নিয়েও সাংবদিকদের প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী।

এই নিয়োগে কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “দুটি বিষয়ে কখনো রাষ্ট্রপতিকে কেউ জিজ্ঞাসা করতে পারেন না। এটা তার সর্বময় ক্ষমতা, এক প্রধানমন্ত্রী নিয়োগ করা ও দ্বিতীয়ত বিচারপতি নিয়োগ করা।

“যে কাজটা রাষ্ট্রপতির, সেটি আমি কী করে বলব! আমি তো সরকারের মন্ত্রী। বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি তার সুবিবেচনা ও আইন অনুযাযী ক্ষমতার প্রয়োগ করে যা ভালো মনে হবে, সেই সিদ্ধান্ত নেবেন। তবে আমি মনে করি, আপিল বিভাগে অনেকেরই প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা রয়েছে। আর সরকারে এসব নিয়ে কোনো চিন্তায় নেই।”

ডিজিটাল নিরাপত্তা আইন

যুগান্তরের সম্পাদক সাইফুল আলম অনুষ্ঠানে বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন অবশ্যই প্রয়োজন রয়েছে। যখন ক্ষতিগ্রস্ত হই তখন মনে হয়, প্রয়োজন নেই। দেশের জন্য প্রয়োজন আছে, কিন্তু এই সুযোগে কোনো সাংবাদিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই আইনের যেন অহেতুক প্রয়োগ না হয়।”

তিনি বলেন, “অপমানজনক হলেই আমাদের বিরুদ্ধে মানহানির মামলা হয়ে যায়। যে কেউ কারো পক্ষে মামলা করে বসেন, আর হুলিয়া, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অথচ আমাদের হয়রানির মধ্যে পড়তে হয়। বিষয়টি নিশ্চয় আইনমন্ত্রী বিবেচনা করবেন।”

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে। কিন্তু এও জানি, এর দুর্ব্যবহার হয়েছে। এটা যাতে বন্ধ হয়, সেজন্য পদক্ষেপ নিয়েছি।”

অন্যদের মধ্যে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল আবুল কালাম আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু অনুষ্ঠানে বক্তব্য দেন।