২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সুষ্ঠু হবে না, তা আবারও প্রমাণ হল: সরওয়ার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার প্রচারে পুলিশের বাধা পাওয়ার অভিযোগ করে বলেছেন, জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হবে না- তা আবারও প্রমাণ হয়ে গেল।

তাবারুল হক

বরিশাল থেকে , নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 10:01 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

পুরনো খবর:

বরিশালে নির্ণায়ক ৬৫ হাজার ভোটার
এভাবে সুষ্ঠু ভোট হয় না: সরওয়ার

তিনি বলেন, “এবছর ভোটের বছর, সংসদ নির্বাচন হবে, বাংলাদেশে এটা ক্লিয়ার হয়ে গেল যে, দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না।”

শনিবার সিটি করপোরেশনে নির্বাচনের প্রচারের শেষ দিনে বরিশালের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারে বের হতে গেলে সদর রোডের মুখে সরওয়ারকে আটকে দেয় পুলিশ।

সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপি মেয়র প্রার্থী বলেন, “প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, এই কী ভোট? এই কি আপনার সুষ্ঠু নির্বাচন? আপনার সমস্ত প্রশাসন লেলিয়ে দিয়েছেন, যাতে বিএনপি কোনো প্রচার না করতে পারে, বিএনপির লোকজন যাতে ভোট দিতে না যেতে পারে।

“এটা কী ভোট, গণতন্ত্র, নির্বাচন? কী হচ্ছে বাংলাদেশে? এভাবে বাংলাদেশ চলতে পারে না।”

তিনি বলেন, “আজকে প্রমাণিত হয়ে গেল দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে ভোট হবে না। এ ভোটই শেষ ভোট না, এই দিনকে নিয়ে যাব আগামী দিনের কাছে, আগামী দিনে এই জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম হবে।”

সোমবারের নগরীর নির্বাচনে ভোটের নীরব বিপ্লবের প্রত্যাশা করে বরিশালবাসীদের উদ্দেশ্যে এ মেয়র প্রার্থী বলেন , “আমাদেরকে আপনাদের কাছে যেতে দেয় না, গণসংযোগ করতে দেয় না। আমি বরিশালবাসীকে বলছি- আপনাদের জন্য যদি কাজ করে থাকি তাহলে নীরব বিপ্লব করে দেন, নীবর ভোটের বিপ্লব হয়ে যাক।”

সরকার দলীয় প্রার্থীর বাধাহীন প্রচারকাজ চালিয়ে যাচ্ছে মন্তব্য করে অন্যান্য মেয়র প্রার্থীদের এই ‘অন্যায়ের’ বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান বিএনপির মেয়র প্রার্থী।

সরওয়ার বলেন, “এটা কীসের আলামত দেখছি বরিশালে? এরা কারা আমাদের লোকজনের ওপর হামলা করছে, নির্যাতন-জুলুম করছে? এর প্রতিবাদে আমি সমস্ত প্রার্থীদের বলছি, আসুন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। আজকে জনগণ আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য মোকাবেলা করি।

“প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ‘গাজীপুর-খুলনার মত হবে না, বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে। আসলে সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় হচ্ছে প্রশাসন। আমাদেরকে প্রচারে বাধা দিচ্ছে, আর অন্য পক্ষ সরকারি দল মিছিল-সমাবেশ করে যাচ্ছে। আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় হয়রানি করছে; অনবরত গ্রেপ্তার করছে, যাতে আমাদের লোকজন পোলিং এজেন্ট হতে না পারে।”

সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “আমাদেরকে গণসংযোগ করতে দিচ্ছে না। কাউনিয়ায় আজকে বিকালে আমাদের প্রচারের মিছিলে হামলা করেছে।”