২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভাবে সুষ্ঠু ভোট হয় না: সরওয়ার

বরিশালের সিটি করপোরেশন নির্বাচনী প্রচারের শেষ পর্যায়েও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন ধানের শীষের মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার।

তাবারুল হক

বরিশাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 04:15 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

সোমবার অনুষ্ঠেয় এই ভোটের প্রচারের শেষ দিন শনিবার দুপুরে বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানান তিনি।

সরওয়ার বলেন, “এভাবে নির্বাচন করা যায় না। এখনও সময় আছে, গ্রেপ্তার-হয়রানি বন্ধ করুন। বরিশালে এখনও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।”

বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বলে সরওয়ার অভিযোগ করে এলেও ক্ষমতাসীনরা তা প্রত্যাখ্যান করছেন। বিএনপির অভিযোগ ইসিও আমলে নিচ্ছে না বলে অভিযোগ।

গ্রেপ্তার-হয়রানি চলতে থাকলে রোববার আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসে ‘কঠোর সিদ্ধান্ত’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির প্রার্থী সরওয়ার।

সেই সিদ্ধান্ত নির্বাচন বর্জন করা কি না- সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত কঠোরও হতে পারে।”

বরিশালের এক সময়ের মেয়র ও সাবেক সংসদ সদস্য সরওয়ার বলেন, “বরিশালে আগে ঈদের খুশির মতো নির্বাচন হত, এখন চোখের জলে নির্বাচন হচ্ছে। এমন নির্বাচন বরিশালবাসী চায়নি।”

 

ইসির উদ্দেশে তিনি বলেন, “এখনও সময় আছে, নির্বাচন কমিশন চাইলে বিএনপি নেতা-কর্মীদের উপর চলা জুলুম-নির্যাতন বন্ধ করতে পারে।”

হাই কোর্টের নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন সরওয়ার।

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির মেয়র প্রার্থী বলেন, “নির্বাচন কমিশনের আইন মানছে না আওয়ামী লীগ। মন্ত্রী পদমর্যাদার লোক বরিশালে অবস্থান করছেন। মোটরসাইকেল মহড়া দেওয়া হচ্ছে। দলীয় প্রতীক নিয়ে মিছিল, শো-ডাউন করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

সংবাদ সম্মেলনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবায়দুল হক, বিলকিস জাহান শিরিনসহ নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

৩০ জুলাই নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপি মনোনিত প্রার্থী মো. মজিবুর রহমান সরোয়ারসহ ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।