২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটি অধ্যায়ের অবসান’

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুর খবরে তার সহকর্মীরা ছুটে এসেছিলেন জিগাতলার বাড়িতে; এই রাজনীতিবিদের জীবনাবসানকে তাদের একজন বর্ণনা করেছেন বাংলাদেশের রাজনীতিতে ‘একটি অধ্যায়ের’ অবসান হিসেবে।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 01:55 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

পুরনো খবর:

সংসদে সুরঞ্জিত স্মরণ
সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবসান
ফুলেল শ্রদ্ধায় সুরঞ্জিতকে শেষ বিদায়
সুরঞ্জিতের মৃত্যুতে খালেদার শোক
সুরঞ্জিতের শেষকৃত্য সোমবার দিরাইয়ে
সুরঞ্জিতকে হারিয়ে শোকে স্তব্ধ সুনামগঞ্জ
সুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারাল: প্রধানমন্ত্রী

আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত রোববার ভোর রাত ৪টা ১০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে হাসপাতালে ছুটে আসেন আত্মীয় স্বজনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সাবেক এই মন্ত্রীর মরদেহ সকাল ৯টার দিকে হাসপাতাল থেকে নেওয়া হয় তার জিগাতলার বাসায়। অনেকেই সেখানে ছুটে আসেন প্রয়াত এই রাজনীতিবিদকে শেষবার দেখতে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রবাসীকল‌্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর জ্বালানিবি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীও ছিলেন তাদের মধ‌্যে।

অর্থমন্ত্রী বলেন, “পার্লামেন্ট হ্যাজ লস্ট এ গ্রেট পার্লামেন্টারিয়ান। এ গ্রেট লস। সে আপাদমস্তক পলিটিশিয়ান ছিল। সংসদে দাঁড়ালেই হত।”

গত ২৯ জানুয়ারি সর্বশেষ জাতীয় সংসদে বক্তৃতা দেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস‌্য সুরঞ্জিত।

বাংলাদেশে ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মধ্যে জাতিসংঘের মাধ্যমে পশ্চিমা দেশগুলোও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চেয়ে চিঠি দিয়েছিল বলে গণমাধ্যমে খবর আসায় সেদিন সংসদে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের বিষয়ে জাতিসংঘের কিছু করার এখতিয়ার নেই।

আশি পেরুনো মুহিত সুরঞ্জিতকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “সাংসদ হিসেবে তার বয়স ও বাংলাদেশের পার্লামেন্টের বয়স একই। তার সময়ের শুধু তোফায়েল ও হামিদ সাহেব এখনও আছেন।”

সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশে তিনি সংসদ সদস‌্য নির্বাচিত হয়েছেন সাতবার।

দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির এ সদস্য নবম সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যানও ছিলেন।

তার সেই ভূমিকার কথা স্মরণ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ এক শোক বার্তায় বলেছেন, “সুরঞ্জিত সেনগুপ্ত শুধু একজন রাজনীতিকই ছিলেন না, বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি অসামান্য অবদান রেখেছিলেন। সংসদীয় রাজনীতিতে তার দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়।”

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেছেন, “তার মৃত্যুতে জাতি হারালো একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আর আমরা হারালাম সকল প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একজন অগ্র সেনানীকে ।"

জিগাতলার বাসায় আসে সুরঞ্জিতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পর প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, “একজন ব‌্যতিক্রমধর্মী প্রখর যুক্তিবোধ ও হাস‌্যরসে পরিপূর্ণ মানুষ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি অনুকরণীয়। বাংলাদেশের রাজনীতির একটি অধ‌্যায়কে আমরা হারালাম।”

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “সংবিধান প্রণয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পার্লামেন্টের সার্বভৌমত্বে কেউ যদি আঘাত করার চেষ্টা করত, তাহলে উনি মন্ত্রী থাকা অবস্থাতেও তার প্রতিবাদ করতেন।”

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস, আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরীও জিগাতলায় এসেছিলেন প্রয়াত এই সাংসদকে শেষবার দেখতে।  

নেতাকর্মীদের ভিড়ের কারণে জিগাতলার ওই বাসার লাগোয়া রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখে পুলিশ। সেখান থেকে বেলা ১২টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে।

বিকালে এই সংসদ সদস‌্যকে শেষবার নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদে, যেখানে প্রায় চার দশক তিনি সুনামগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করেছেন। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস‌্য‌ও বিভিন্ন রাজনেতিক দলের পক্ষ থেকে সেখানে প্রয়াত এই রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

সোমবার সকালে হেলিকপ্টারে করে সিলেটে নেওয়ার পর আরেক দফা শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জের দিরাইয়ে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে। বিকাল ৩টায় সেখানেই হবে তার শেষকৃত্য।

সুরঞ্জিতের ছেলে সৌমেন সেনগুপ্ত জিগাতলার বাসায় সাংবাদিকদের সামনে বলেন, ‘বাবার অবর্তমানে আমাদের অভিভাবক এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবা সারাজীবন মানুষের উপকার করে গেছেন, এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন। আমি চেষ্টা করব বাবার শেষ কাজটুকু করে যেতে।”