সুরঞ্জিতের মৃত্যুতে খালেদার শোক
বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক জানিয়েছেন খালেদা জিয়া।
রোববার এক শোকবার্তায় সংবিধান প্রণয়নে সুরঞ্জিতের অবদানের উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি ও সামাজিক অগ্রগতির পক্ষে তিনি ছিলেন ‘বলিষ্ঠ কণ্ঠস্বর’।
‘‘স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে দেশমাতৃকার মুক্তির জন্য তিনি যে অবদান রেখে গেছেন, তা জাতি কোনো দিন ভুলবে না।
“গণমানুষের রাজনীতিতে সম্পৃক্ত থেকে তিনি দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন। স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।”
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান খালেদা জিয়া।
রোববার ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদে সাতবার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বিএনপির পক্ষ থেকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির ও রফিকুল ইসলাম রাসেল।
পরে ফখরুল সাংবাদিকদের বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে।
