২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সুরঞ্জিত স্মরণ

সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 09:38 PM

Updated : 19 Aug 2022, 03:40 PM

ঝানু পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত সুরঞ্জিতের মৃত্যুরতে রোববার জাতীয় সংসদ অধিবেশন ছিল শোক বিহ্বল। শোক প্রস্তাবের উপর আলোচনায় সরকারি-বিরোধী সব সংসদ সদস্যুদের আলোচনায় ছিল বেদনার ছাপ।

পাকিস্তান আমলে প্রাদেশিক পরিষদের সদস্যর নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের প্রায় প্রতিটি সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিত ৭২ বছর বয়সে রোববার মারা যান।

শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, “এই সংসদে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছিলেন, তাদের একে একে হারাতে হচ্ছে। আমার জন্য এটা সত্যিই কষ্টকর।

“অনেক সংগ্রামের পথ হেঁটে আমরা গণতন্ত্রকে একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি। আমরা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম করেছি। সেই ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পেরেছি।”

শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে যারা সাথী ছিলেন, স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন; আস্তে আস্তে তাদের সবাইকে আমরা হারিয়ে ফেলছি। আমরা যারা বয়ঃবৃদ্ধ হয়ে যাচ্ছি .. আমাদের চলে যেতে হবে। নতুন যারা আছে তারা যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগুতে পারে, আমরা তা চাই।”

সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এক সাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। রাজনৈতিকভাবে তিনি ছিলেন প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী।”

এইচ এম এরশাদের সামরিক শাসনামলে সুরঞ্জিত সেনগুপ্তকে গ্রেপ্তারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী রাতে তার বাড়িতে গিয়ে বুট জুতো দিয়ে লাথি দিয়ে দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করে।

সেই ঘটনায় ভয়াবহতায় সুরঞ্জিতের ছেলে সৌমেনের মানসিক ভারসাম্য হারানোর কথাও বলেন শেখ হাসিনা।

“সেই সময় তার ৯/১০ বছরের ছেলে ভয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরে কানাডায় দীর্ঘ চিকিৎসার পর সে কিছুটা স্বাভাবিক হয়েছে।”

“রাজনীতি করতে গিয়ে আমাদের এরকম বহুবার বহু ঘটনার মুখোমুখি হতে হয়েছে,” বলেন তিনি।

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যুতম সদস্যখ সুরঞ্জিতের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ভূমিকার কথাও বলেন প্রধানমন্ত্রী।

“যে সংবিধান এক সময় সঙ্গীনের খোঁচায় ক্ষত-বিক্ষত হয়েছিল, আমরা আবার সেটা পুনঃপ্রতিষ্ঠা করেছি। এই সংগ্রামের পথে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন সাথী।”

 

সংবিধান প্রণয়নের প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধুকন্যাদ বলেন, “দেশের প্রথম সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন তিনি। ওই সময় অনেক কথাবার্তা, তর্ক-বিতর্ক হত।

“তখনকার সময়ে তো কথা বলার কেউ ছিলো না। বলতে গেলে সুরঞ্জিত একাই এক’শো ছিলেন। এজন্য, বঙ্গবন্ধু তাতে উৎসাহিত করতেন। বেশি বেশি কথা বলার সুযোগ দিতেন। এভাবে, বলতে দিতে দিতে বঙ্গবন্ধু তাকে সৃষ্টি করেছিলেন।”

সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, “সংসদে তিনি ছিলেন উজ্জল নক্ষত্র। ভাবতে খারাপ লাগে তিনি এখন এখানে নেই। একজন মানুষের মধ্যে এতো গুণের সমারোহ খুব কমই দেখা যায়।”

সংসদের অধিবেশন কক্ষে সুরঞ্জিতের খালি আসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় নেতা বলেন, “সংসদে যে জায়গাটি খালি হয়েছে, সেটি আর পূরণ হওয়ার নয়।”

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “যারা বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তারা সবাই চলে যাচ্ছেন।”

সুরঞ্জিত সেনগুপ্তের ওপর শোক প্রস্তাবে আলোচনায় অংশ নেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেলিম, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, চিফ হুইপ আ স ম ফিরোজ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জিয়াউল হক মৃধা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাংসদ মইনুদ্দিন খান বাদল, জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইনমন্ত্রী আব্দূর মতিন খসুরু, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী, সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ, জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আওয়ামী লীগ সাংসদ মৃনাল কান্তি দাস, হুইপ শাহাবউদ্দিন, সরকারদলীয় সাংসদ আব্দূল মজিদ খান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সরকারদলীয় সাংসদ মহিবুর রহমান মানিক।

শোকপ্রস্তাবের পর সুরঞ্জিতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে কণ্ঠভোটে শোকপ্রস্তাবটি গ্রহণ করা হয়।

পুরনো খবর:

সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবসান
সুরঞ্জিতের শেষকৃত্য সোমবার দিরাইয়ে
‘একটি অধ্যায়ের অবসান’
দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারাল: প্রধানমন্ত্রী
ফুলেল শ্রদ্ধায় সুরঞ্জিতকে শেষ বিদায়
‘শেষ ট্রেনের যাত্রী’ সুরঞ্জিত সেনগুপ্ত