খালেদার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ৫ জানুয়ারি
খালেদা জিয়ার সময়ের আবেদনে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের শুনানি ফের পিছিয়ে গেছে।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই শুনানির জন্য ৫ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।
বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে বিশেষ জজ আদালতের এই অস্থায়ী এজলাসে খালেদার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলারও বিচার চলছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা ১০টা ৩৫ মিনিটে তার গুলশানের বাসা থেকে রওনা হয়ে ছেটে ছেলে আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমানকে নিয়ে ১১ টা ৩৫ মিনিটে আদালতে পৌঁছান।
এর আগে গত ১ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন খালেদা।
জিয়া দাতব্য ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান তিনি।
এরপর মামলার কার্যক্রম স্থগিতের জন্য হাই কোর্টে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন।
শপথ আইন ‘না মানার’ কারণ দেখিয়ে ৩২ জনের সাক্ষ্য নতুন করে নেওয়ার নির্দেশনা চাওয়া হয় ওই আবেদনে।
১৫ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার জন্য ২২৫ জনের তালিকা আদালতের কাছে জমা দেওয়া হয়। কিন্তু খালেদা উপস্থিত না হওয়ায় তার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে যায়।
বৃহস্পতিবার খালেদা আদালতে উপস্থিত হলে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন হাই কোর্টে করা ওই আবেদনের কথা তুলে ধরে সময়ের আবেদন করেন।
অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করে বলেন, এদিন আত্মপক্ষ সমর্থন করার কথা। অন্য কোনো বক্তব্য আসামিপক্ষ দিতে পারে না।
তাছাড়া আসামিপক্ষের আবেদনে হাই কোর্ট যেহেতু স্থগিতাদেশ দেয়নি, সেহেতু মামলা চলতে কোনো বাধা নেই বলে যুক্তি দেন কাজল।
ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী ও আব্দুর রেজাক খানও ছিলেন খালেদার আইনজীবী দলে।
শুনানি শেষে বিচারক খালেদার সময়ের আবেদন মঞ্জুর করে তার আত্মপক্ষ সমর্থনের বাকি বক্তব্য শোনার জন্য ৫ জানুয়ারি নতুন দিন ঠিক করে দেন।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর আসামিরা হলেন- বিগত চারদলীয় জোট সরকার আমলে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।
এ মামলায় মোট ৩২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। আসামিদের মধ্যে জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।
এদিকে খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগেই এতিমখানা ট্রাস্ট মামলার শুনানি হয় এ আদালতে।
এ মামলার আসামি মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামালের আইনজীবী এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেন।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।
তারেক রহমান দেশের বাইরে আছেন। কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
