২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট কাটিয়ে ওঠার আশা বাবলুর

নতুন কো চেয়ারম্যান নিয়োগসহ মহাসচিব পরিবর্তনের পর জাতীয় পার্টিতে বিদ্রোহের খবর গণমাধ্যমে এলেও তাকে 'অপপ্রচার' আখ্যায়িত করে পার্টির ভেতরের সঙ্কট কাটিয়ে ওঠার আশা প্রকাশ করেছেন মহাসচিবের পদ হারানো জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

পদ হারানোর তিন দিনের মাথায় শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “পার্টি চেয়ারম্যান এরশাদ ও সংসদীয় দলের নেতা রওশন এরশাদসহ সকলস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই সঙ্কট কাটিয়ে উঠব বলে বিশ্বাস করি।”

গত ১৭ জানুয়ারি নিজের জেলা রংপুরে সংবাদ সম্মেলন করে ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও উত্তরসূরি ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

পরদিন ঢাকায় পার্টির সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের 'যৌথ সভা' থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা করে এরশাদের স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশনকে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ করার ঘোষণা দেওয়া হয়। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুই সেদিন বিষয়টি সাংবাদিকদের জানান।

জাতীয় পার্টিতে নতুন করে ভাঙনের গুঞ্জনের মধ্যেই রংপুর সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফেরেন এরশাদ। মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে এক ‘জরুরি’ সংবাদ সম্মেলনে বাবলুকে সরিয়ে দীর্ঘদিনের আস্থাভাজন এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করার ঘোষণা দেন তিনি।

এর দুই ঘণ্টার মাথায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা রওশনের সভাপতিত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এরশাদের সিদ্ধান্ত ‘প্রত্যাখান’ করা হয়।

সেই প্রসঙ্গ টেনে চট্টগ্রামের সাংসদ বাবলু বলেন, “আপনারা দেখেছেন, এটা নিয়ে অনেক প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া অনেক কিছু।”

এরপরও জাতীয় পার্টি ‘ঐক্যবদ্ধ আছে’ দাবি করে তিনি বলেন, “দল নিয়ে অনেক অপ্রচার আছে। কিন্তু এগুলো মিথ্যা প্রমাণিত হবে। জাতীয় পার্টি এক আছে এবং থাকবে। আগামী দিনে মানুষের কল্যাণে নতুন বাংলাদেশ নির্মাণে আমরা মুখ্য ভূমিকা পালন করব।”

'সব চক্রান্ত ষড়যন্ত্র'কে নস্যাৎ করে আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির এই নেতা।

পুরনো খবর:

বিদ্রোহের মুখে এরশাদ
‘দেয়ার ইজ নো সঙ্কট ইন জাতীয় পার্টি’
বাবলু বাদ, হাওলাদারকে ফেরালেন এরশাদ