লতিফের আসনে উপনির্বাচন ২৮ অক্টোবর
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে ২৮ অক্টোবর ভোটের দিন রেখে তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ মঙ্গলবার টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ৩ অক্টোবর হবে যাচাই-বাছাই; ১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে।
এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৬ হাজার ৩৭৪ জন; নারী ১ লাখ ৪১ হাজার ৪৭৩ জন।
এ উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহের জেলা নির্বাচন কর্মকর্তা; সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা।
সিইসি বলেন, ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য থাকবে র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ব্যাটালিয়ন আনসার। ইসি প্রয়োজন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে।
“ভোট কেন্দ্রে দীর্ঘসময় কোনো সাংবাদিক অবস্থান করতে পারবেন না। তাদের ভ্রাম্যমাণ অবস্থায় থাকতে হবে। ভোট কক্ষে প্রবেশের আগে সহকারী প্রিজাইডিং অফিসার বা প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে।
“ভোটকক্ষ ও গোপনকক্ষের ধারেকাছেও সাংবাদিক থাকতে পারবে না। একসঙ্গে একাধিক সাংবাদিক ভোট কেন্দ্রে যেতে পারবেন না। এক দল সাংবাদিক চলে যাওয়ার পর আরেক দল সাংবাদিক প্রবেশ করতে পারবেন।”
টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লতিফ। হজ নিয়ে মন্তব্যের কারণে বিতর্কের মধ্যে গতবছর তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়।
এরপর তার সংসদ সদস্যপদ থাকা নিয়ে জটিলতার নিষ্পত্তিতে শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন। লতিফ এর বিরোধিতায় আদালতে গেলেও তার আবেদন খারিজ হয়ে যায়। পরে ২৩ অগাস্ট ওই শুনানিতে গিয়ে নিজেই পদত্যাগ করবেন বলে জানান লতিফ সিদ্দিকী।
গত ১ সেপ্টেম্বর সংসদ বসলে সেখানে আবেগময় এক বক্তৃতা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সাবেক মন্ত্রী লতিফ। এর দুই দিনের মাথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন। ৬ সেপ্টেম্বর এর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে আগেই জানিয়েছিলেন লতিফ সিদ্দিকী। তবে তার ভাই কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ উপনির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে।
