২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে উপ-নির্বাচনে যাচ্ছে কাদের সিদ্দিকীর দল

আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য হওয়া টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে তার ভাই কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:19 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, “শনিবার সকালে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় নির্বাচনে অংশগ্রহণের এই সিদ্ধান্ত হয়। তবে কাকে প্রার্থী করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।”

তবে সংবাদ সম্মেলন শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্ধিত সভায় প্রার্থী হিসাবে উনার (কাদের সিদ্দিকী) নাম প্রস্তাব করেছি আমরা। তফসিল ঘোষণার পর দলের সংসদীয় কমিটির সভায় তা চূড়ান্ত হবে।”

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দেওয়ায় টাঙ্গাইল-৪ আসন ‘শূন্য’ঘোষণা করে গত ৬ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লতিফ। হজ নিয়ে মন্তব্যের কারণে বিতর্কের মধ্যে গতবছর তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়।

গত ১ সেপ্টেম্বর সংসদে আবেগময় এক বক্তৃতা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন লতিফ সিদ্দিকী। এরপর আসনটি শূন্য ঘোষণা করা।

টাঙ্গাইল-৪ আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে এখনো ভোটের দিন চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “একটি উপনির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ১৯৯৪ সালে জন্ম নিয়েছিল কৃষক শ্রমিক জনতা লীগ। তখন নির্বাচনে ভোট কারচুপি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল।

“এবারও দেশের মানুষ যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারছে কি-না সেটা দেখানোর জন্য আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।”

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি কৃষক শ্রমিক জনতা লীগ।

এখন উপনির্বাচনে অংশ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “আমরা জাতীয় নির্বাচন বয়কট করেছিলাম। জাতীয় নির্বাচন আর উপনির্বাচনের মধ্যে পার্থক্য আছে। গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, উপনির্বাচন দলীয় সরকার থাকা অবস্থায়ই হয়।

“কোনো সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাচ্ছি।”

ভবিষ্যতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বা বিএনপি নেতৃত্বাধীন জোটে ভেড়ার সম্ভাবনা আছে কি-না এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, “আমরা মানুষের সাথে জোট করতে চাই। রাজনৈতিক ঐক্য থেকে জনতার ঐক্যকে অনেক বেশি প্রাধান্য দিই।”

তবে ‘সময় আসলে দেখা যাবে’ বলে মন্তব্য করেন তিনি।

এর আগে লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বলেন, “আমরা আশা করতে চাই- অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নানাবিধ কর্মকাণ্ডের কারণে সমালোচিত নির্বাচন কমিশন ও সরকার তাদের দুর্নাম ঘোচানোর এই সুযোগ হাতছাড়া করবে না।”

এ সময় অন্যদের মধ্যে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি আমিনুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা করে গেজেট