২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা করে গেজেট

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দেওয়ায় টাঙ্গাইল-৪ আসন ‘শূন্য’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 03:33 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

লতিফ স্বেচ্ছায় পদত্যাগ করায় তার সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনকেও আর কোনো সিদ্ধান্ত দিতে হচ্ছে না।

টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লতিফ। হজ নিয়ে মন্তব্যের কারণে বিতর্কের মধ্যে গতবছর তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়। 

এরপর তার সংসদ সদস্যপদ থাকা নিয়ে জটিলতার নিষ্পত্তিতে শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন। লতিফ এর বিরোধিতায় আদালতে গেলেও তার আবেদন খারিজ হয়ে যায়। পরে ২৩ অগাস্ট ওই শুনানিতে গিয়ে নিজেই পদত্যাগ করবেন বলে জানান লতিফ সিদ্দিকী।

গত ১ সেপ্টেম্বর সংসদ বসলে সেখানে আবেগময় এক বক্তৃতা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সাবেক মন্ত্রী লতিফ। এর দুই দিনের মাথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন।

রোববার তারই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

এদিকে লতিফ সিদ্দিকী নিজেই পদত্যাগ করবেন জানানোর পর বিষয়টি নিষ্পত্তির জন্য ৬ সেপ্টেম্বর দিন রেখেছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন চার নির্বাচন কমিশনার। কিন্তু লতিফের পক্ষে কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

ওই বৈঠকের পর নির্বাচন কমিশনার আবদুল মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শূন্য ঘোষণার গেজেট নিয়ে বসেছিলাম। স্বেচ্ছায় পদত্যাগ করায় এ নিয়ে সিদ্ধান্ত দেওয়ার অবশিষ্ট কিছু নেই- এই হবে আমাদের সিদ্ধান্ত।”

টাঙ্গাইল-৪ আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন বৈঠক করে পরে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে বলে জানান এই কমিশনার।

পুরনো খবর:

ভোট নয়, এখন পড়াশোনা করবেন লতিফ সিদ্দিকী
১৪ মিনিটের শুনানিতে যা বললেন লতিফ
লতিফ সিদ্দিকীর আসন শূন্য
সংসদে বক্তৃতা করে পদত্যাগপত্র দিলেন লতিফ সিদ্দিকী