নির্দলীয় সরকার: আন্দোলনের বিকল্প দেখছেন না ফখরুল
“আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে যে তারা পরিবর্তন চায়,” বলেন তিনি।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় ‘আন্দোলনই’ একমাত্র পথ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘জাতির সামনে কোনো বিকল্প নাই। একটাই লক্ষ্য যে, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাংখাকে যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি, পূরণ করতে পারি।”
এদিন গণভবনে সুইজারল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে আয়োজন করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ‘নষ্ট’ করার জন্য এ সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে আন্দোলন করা বিএনপিকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধন করা হয়েছে। এখন নির্বাচন তার আলোকেই হবে।
বিএনপি ও সমমনা দলগুলো গণতান্ত্রিক ধারাকে ‘নষ্ট করার জন্য’ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিরোধী দলগুলো ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের ‘ধরপাকড়’ ও জরুরি অবস্থায় ফিরে যেতে চায় কি না, সে প্রশ্নও তিনি রেখেছেন।
বিকালে ঢাকার গুলশানে সিক্স সিজেন হোটেলে বিএনপির উদ্যোগে ‘পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতা: নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার এখনো সংবিধান সম্মত’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন মির্জা ফখরুল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার জেনারেল ইকতেদার আহমেদ।
বিএনপি মহাসচিব ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তখন বিরোধী দলীয় নেতা থাকার সময় শেখ হাসিনার অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “২০০৭ সালেও তিনি (শেখ হাসিনা) সংস্কারের কথা বলেছেন।… এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকেই কার্যকর করার কথা বলেছেন।”
নির্দলীয় সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আজকে এই বিষয়ে কোনো বিতর্ক নেই। আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে যে তারা পরিবর্তন চায় এবং তারা এই সরকারকে সরাতে চায়।”
তত্ত্বাবধায় সরকারের অধীনে আগের ‘চার-পাঁচটা নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে’ দাবি করে তার অভিযোগ, “আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে…এখানে সিরাজুল ইসলাম সাহেব বলেছেন, আসলে বাকশাল প্রতিষ্ঠা করবার জন্যই ‘ফিফটিনথ অ্যামেন্ডমেন্ট’ নিয়ে এসেছে একটু ভিন্নভাবে ভিন্ন মোড়কে। আজকে সেই ইলেকশনগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে।”
মির্জা ফখরুলের সভাপতিত্বে ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির রেদোয়ান আহমেদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
এতে বিএনপির মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, এজে মোহাম্মদ আলী, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, মাহবুবু উদ্দিন খোকন, সৈয়দ হোসেন আলাল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ও মোস্তাফিজুর রহমান বাবুল, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, জাগপার খন্দকার লুতফর রহমান, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদাসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
