রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগরের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনে বুধবার বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ““ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ডাচেস অব এডিনবার্গ সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তার তিন দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
