যুবলীগের পাল্টা কর্মসূচিতে সমাবেশের দিন বদলালো বিএনপির তিন সংগঠন
১৪ জুন চট্টগ্রামে শুরু হবে বিএনপির সহযোগী সংগঠনগুলোর ‘তারুণ্যের সমাবেশ’।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পাল্টা কর্মসূচি পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত ‘তারুণ্যের সমাবেশ’ এর তারিখ পরিবর্তন করেছে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা, চট্টগ্রামসহ ছয় জেলায় সামবেশের নতুন তারিখ ঘোষণা করেন যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি জানান, চট্টগ্রামে ১৪ জুন, বগুড়ায় ১৯ জুন, বরিশালে ২৪ জুন, সিলেটে ৯ জুলাই, খুলনায় ১৭ জুলাই এবং সবশেষে ঢাকায় ২২ জুলাই সমাবেশ হবে।
টুকু বলেন, “আমরা গত ২ জুন তারুণ্যের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু আমাদের শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণার দুই দিন পর একই তারিখে একই স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী যুব লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। আমরা এই কর্মসূচিতে উসকানিমূলক ও বিশৃঙ্খলা সৃষ্টির একটি অপপ্রয়াস বলে মনে করি।
“তারেক রহমানের পরামর্শে এই উদ্ভূত পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ ‘তারুণ্যের সমাবেশ’ সফল করার লক্ষ্যে আমরা কর্মসূচির তারিখ পুণঃনির্ধারণ করছি। আমরা মনে করি, এক যুগেরও বেশি সময় ধরে যে তরুণ সমাজ ভোট দিতে পারছে না, আজ সেই কোটি কোটি ভোটার ও তরুণ সমাজ আমাদের এই সমাবেশে যোগ দিয়ে সমাবেশ সফল করবেন।”
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি ও ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এর আগে টুকু ঘোষণা দিয়েছিলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হবে চট্টগ্রাম দিয়ে। বলা হয়েছিল, চট্টগ্রামে ১০ অথবা ১১ জুন, বগুড়ায় ১৭ জুন, খুলনায় ৭ জুলাই, বরিশালে ১৫ জুলাই, সিলেটে ২২ জুলাই এবং ঢাকায় ২৯ জুলাই সমাবেশ হবে। আরও বলা হয়েছিল, ঢাকার সমাবেশটি হবে হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
এর দুইদিন পর যুবলীগ আগামী দুই মাসে ছয় বিভাগে শান্তি সমাবেশের ডাক দেয়।সেদিন এক বিজ্ঞপ্তিতে যুবলীগ জানায়, আগামী ৮ জুন থেকে ২৯ জুলাইয়ের মধ্যে দেশের ছয় বিভাগে শান্তি সমাবেশ করা হবে।
আওয়ামী এই লীগের ভার্তৃপ্রতিম সংগঠনটিও চট্টগ্রাম দিয়ে শুরু করে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দেয়। এছাড়া প্রতিটি সমাবেশের আগে দুদিন করে বিভাগের সব জেলার উপজেলা-থানায় প্রস্তুতি সভা করার কথা জানানো হয়।
পুরনো খবর
