১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছয় জেলায় সমাবেশ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন

চট্টগ্রামে ১০ অথবা ১১ জুন, বগুড়ায় ১৭ জুন, খুলনায় ৭ জুলাই, বরিশালে ১৫ জুলাই, সিলেটে ২২ জুলাই এবং ঢাকায় ২৯ জুলাই হবে এসব সমাবেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 03:09 PM

Updated : 02 Jun 2023, 03:09 PM

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সারাদেশে ৬টি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। 

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান,  ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ নামে ছয়টি জেলায় সমাবেশ হবে। 

চট্টগ্রামে ১০ অথবা ১১ জুন, বগুড়ায় ১৭ জুন, খুলনায় ৭ জুলাই, বরিশালে ১৫ জুলাই, সিলেটে ২২ জুলাই এবং ঢাকায় ২৯ জুলাই সমাবেশ হবে বলে জানান তিনি। ঢাকার সমাবেশটি হবে হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। 

সুলতান সালাউদ্দিন বলেন, “দেশ বাঁচাতে তারুণ্যের এই সমাবেশ হবে আমাদের তিন সংগঠনের যৌথ উদ্যোগে। …আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ; ন্যায়বিচার, আইনের শাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ; একটি সমৃদ্ধ ও মানুষের বসবাস উপযোগী বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন। 

“আমরা সেই বাংলাদেশে ফিরে যেতে চাই, যে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেখে গিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলেছিলেন। এই লক্ষ্যে আমরা তরুণ সমাজকে রাজপথে ঐক্যবদ্ধ করতেই এই কর্মসূচি ঘোষণা করেছি।” 

যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।