Published : 23 Aug 2023, 04:54 PM
জঙ্গি দমন অভিযানকে ‘নাটক’ বলে বিএনপির যে বক্তব্য এসেছে, তার প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার এক বিবৃতিতে তিনি বিএনপির শাসনকালে জঙ্গি উত্থানের বিষয়টি দেখিয়ে বলেছেন, তাই দলটির কাছে জঙ্গি দমনের প্রচেষ্টাকে ‘নাটক’ মনে হবে, এটাই স্বাভাবিক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গরবার এক অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশে জঙ্গি আছে, নির্বাচনের আগে তা ভারত, যুক্তরাষ্ট্রকে দেখাতে সরকার ‘নাটক’ করছে।
পুরানো খবর:
‘ভয়াবহ কিছু ঘটাতে’ নীল নকশায় সরকার: ফখরুলবিএনপি মহাসচিবের সেই বক্তব্যেকে ‘হাস্যকর ও নির্লজ্জ’ আখ্যায়িত করে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, “তাদের কাছে জঙ্গি দমনের প্রচেষ্টাকে নাটক মনে হবে এটাই স্বাভাবিক। কারণ বিএনপির মদতেই পরিচালিত হচ্ছে জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক।
“বিএনপির সহায়তা, প্রত্যক্ষ মদত ও পৃষ্ঠপোষকতায় এদেশে উগ্র-সাম্প্রদায়িক রাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহ উত্থান ঘটে। বিএনপির শাসনামলে বাংলাদেশ হয়ে উঠেছিল সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য।”
বিএনপি আমলে জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের উত্থানের বিষয়টি তুলে ধরে তখনও দলটির নেতাদের অস্বীকারের ঘটনাগুলো তুলে ধরেন কাদের।
তিনি বলেন, “তখন বিএনপি নেতারা বলেছিল- ‘বাংলাভাই মিডিয়ার সৃষ্টি’। অথচ পরবর্তীতে দিবালোকের মতো স্পষ্ট ও প্রমাণিত হয় বিএনপির শীর্ষ নেতৃত্বের পৃষ্ঠপোষকতায় এবং তৎকালীন প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে বাংলাভাইয়ের সৃষ্টি এবং জঙ্গি সংগঠনসমূহের বিকাশ ঘটেছিল।”
বাংলাদেশে সাম্প্রদায়িক ও ধর্মীয় উগ্রবাদীদের রাজনীতিতে আসার সুযোগ করে দেওয়ার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দায়ী করেন কাদের।
তিনি বলেন, “জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক রাজনীতির যে চারা রোপণ করেছিল, তার পরবর্তীতে খালেদা জিয়ার শাসনামলে তা ব্যাপক বিস্তৃতির মধ্য দিয়ে এক মহীরুহে পরিণত হয়।
“বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রশিদ-ফারুকরা মধ্যপ্রাচ্যের উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির সহযোগিতায় ‘ফ্রিডম পার্টি’ নামে একটি ফ্যাসিবাদী সংগঠন গড়ে তোলে এবং বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে ‘ফ্রিডম পার্টি’কে সংসদের প্রধান বিরোধী দলের মর্যাদা প্রদান করে।”
জঙ্গিদের ধারাবাহিক বোমা হামলার ঘটনাগুলো তুলে ধরে কাদের বলেন, “২০০৪ সালের ২১ অগাস্ট জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান, দুর্নীতির বরপুত্র তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয় নারকীয় গ্রেনেড হামলা।
“গ্রেনেড হামলা মামলার আসামি মুফতি হান্নানসহ একাধিক জঙ্গি নেতার আদালতে দেওয়া জবানবন্দি এবং সাক্ষ্যের ভিত্তিতে প্রমাণিত হয় তারেক রহমানই ছিল এই গণহত্যার মাস্টারমাইন্ড।”
এবার নির্বাচনকে সামনে রেখে বিএনপি জঙ্গিগোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “আজকে যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গিগোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বিএনপি। মির্জা ফখরুলের বক্তব্যে সেই উস্কানিরই প্রতিফলন ঘটেছে।”