১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

কুমিল্লার সাংসদ মনিরুলকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনাসভা

আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন খসরুজ্জামান খসরু।

নাঈম হাসান, যুক্তরাজ্য থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 12:46 PM

Updated : 17 Oct 2026, 12:46 PM

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে লন্ডনের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এ আয়োজন করেন তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ, সঞ্চালনা করেন সদস্যসচিব খসরুজ্জামান খসরু।

সাংসদ মনিরুলকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। এসময় অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

মনিরুল হক চৌধুরী বলেন, “আমরা জুলাই যুদ্ধ থেকে সরে আসি নাই। আমরা মুক্তিযুদ্ধ থেকে সরে আসি নাই। তবে মুক্তিযুদ্ধের চেয়ে জুলাই যুদ্ধকে বড় গুরুত্ব দেওয়া মানে দেশকে অস্বীকার করা।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলোর প্রত্যেকটি একে একে বাস্তবায়ন করা হবে।”

দেশে সংঘটিত বিভিন্ন চাঁদাবাজির ঘটনা নিয়ে তিনি বলেন, “আগে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কেউ মামলা করতেন না। এখন সরকার বাদী হয়ে মামলা করবে।” চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার বিশেষ আইন প্রণয়ন করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।