১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ৫ হাজার পরিবার ঘরছাড়া: সংসদে অভিযোগের পর নমুনা সংগ্রহ

দূষণের অভিযোগ অস্বীকার করেছে ইপিজেড কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 08:20 PM

Updated : 17 Nov 2026, 08:20 PM

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বর্জ্যে পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে বলে সংসদে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সংসদে এ অভিযোগ তোলার পর মঙ্গলবার কুমিল্লা ইপিজেড পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি দল।

এ সময় ইপিজেডের বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) থেকে তরল বর্জ্য ও পরিশোধিত পানির নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জমির উদ্দিন।

পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন থেকেও পানির নমুনা নেওয়া হয়েছে।

জাতীয় সংসদে সোমবার কার্যপ্রণালি বিধির ৬০ অনুযায়ী অর্ধঘণ্টার আলোচনায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এ অভিযোগ করেন।

তার দাবি, দূষণের কারণে পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। কৃষি, মৎস্যসম্পদ ও মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসব অভিযোগ তদন্তের দাবি জানিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংসদ থেকে পদত্যাগ করবেন।

পরিদর্শন শেষে পরিবেশ জমির উদ্দিন বলেন, ইপিজেডের বিভিন্ন স্থান থেকে তরল ও কঠিন বর্জ্যের নমুনা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় মানুষের সঙ্গেও কথা বলা হবে। সব তথ্য পর্যালোচনা করে ফলাফল জানানো হবে।

তিনি বলেন, ইপিজেড কর্তৃপক্ষ দাবি করেছে, তারা বর্জ্য পরিশোধন করে বাইরে ছাড়ে। পরিশোধনাগার ঠিকভাবে চলছে কি না, তা সাধারণ মানুষকে দেখানোর জন্য ইটিপির ক্যামেরার ভিডিও সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বর্জ্য দূষণের অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।

তিনি বলেন, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ছাড়া বর্জ্য বের করার অন্য কোনো পথ নেই। সব বর্জ্য পরিশোধন করেই পানি বাইরে ছাড়া হয়। নয়টি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিশোধনাগার পর্যবেক্ষণ করা হয়।

প্রতিদিন প্রায় আট হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধন করা হচ্ছে বলেও জানান তিনি।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন চিশতী বলেন, সিটি করপোরেশনের বর্জ্যের কারণে এ দূষণ হচ্ছে না। সিটি করপোরেশন ও ইপিজেডের ড্রেনের পানির মান পরীক্ষা করে তুলনা করলেই দূষণের উৎস জানা যাবে।

ইপিজেডের বর্জ্য পরিশোধনব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

পরিদর্শন দলে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক সালমান চৌধুরী শাওন, সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এবং সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. ইউসুফ।

আরও পড়ুন-

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ৫ হাজার পরিবার ঘরছাড়া: সংসদে অভিযোগ