২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশ মঞ্চ প্রস্তুত, কঠোর নিরাপত্তা নয়া পল্টনে

নয়া পল্টনের রাস্তায় জড়ো হওয়া নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন– ‘রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 01:20 PM

Updated : 18 Oct 2023, 02:13 PM

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ; সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসছেন নেতাকর্মীরা।

এই সমাবেশ শুরু হবে বুধবার বেলা ২টায়। বেলা ১১টার দিকে পল্টনের রাস্তায় কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়। তারা স্লোগান দিচ্ছিলেন– ‘রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই’, ‘এক দফা এক দাবি, সরকার তুই কবে যাবি’।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “আজকে এই সমাবেশ মহানগর বিএনপির একটি সাধারণ সমাবেশ। এটি জাতীয় পর্যায়ের কোনো সমাবেশ নয়। সমাবেশে মানুষজন আসবে এটাই স্বাভাবিক।

“কিন্তু সরকারের পুলিশবাহিনী গতকাল ঢাকার বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে, এটা ভাবা যায় না। ওরা জনতার আতঙ্কে দমনপীড়নের পথে গেছে। এভাবে গ্রেপ্তার করে আজকের সমাবেশে লোক সমাগম কমানো যাবে কি? যাবে না। আমরা বিশ্বাস করি, মানুষজন সেই কারণে সকাল থেকে আরও বেশি করে সমাবেশের স্থলে সমবেত হচ্ছে।”

মঙ্গলবার রাতে কত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে জানতে চাইলে রিজভী বলেন, “রাত আড়াইটা পর্যন্ত ৩০/৩৪ জনের গ্রেপ্তার হয়েছে বলে জানতে পেরেছি। সকালের পরে এই সংখ্যা ৬০ জন হবে।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারের খবর আসে রাতে।

বুধবার সকালে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “খুনের মামলা, অস্ত্র মামলার আসামিদের আটক করা কি অপরাধ? সুনির্দিষ্ট অভিযোগ আছে। ভাঙচুর, অগ্নি-সন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই।”

সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার ঢাকার এই সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল থেকেই পল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিত দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

সমাবেশের কারণে সকাল থেকেই নয়া পল্টনের সড়কে যান চলাচল ছিল সীমিত। ১১টার পর একদিকের সড়ক বন্ধ করে দেওয়া হয়। বেলা ১২টার পর মিছিলের কারণে পুরো সড়কে আর যান চলাচল করতে পারছে না। ফলে বিজয় নগর, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, আরামবাগ, শাহজাহানপুরসহ বিভিন্ন অলি-গলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তাতে দুর্ভোগ পোহাতে হচেছ যাত্রীদের।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কের বিভিন্ন অলি-গলিতে হাজারো নেতা-কর্মী বসে আছেন। সড়কজুড়ে বিছানো হয়েছে পলিথিনের মাদুর। ছয়টি ট্রাক এক করে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ। ব্যানারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি রয়েছে। সেখানে লেখা আছে, ‘ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জনসমাবেশ’।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, “আমাদের এ সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ। এই সমাবেশকে ঘিরে গতরাতে পুলিশ যা করেছে তা নিন্দার ভাষা আমাদের নেই। আমরা দুপুর ২টায় সমাবেশ শুরু করব। বিকালে সমাবেশে মহাসচিব বক্তব্য রাখবেন।

“সরকার গত কয়েকদিনের জনস্রোত দেখে ভয় পেয়ে গেছে। সেজন্য ওরা মরিয়া হয়ে উঠেছে এই স্রোত ঠেকাতে। কিন্তু ওরা জানে না, এই জনস্রোত ঠেকানো সম্ভব নয়।”