২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারা এখন ‘স্বৈরাচারের’ ভাষায় কথা বলেন, ১৪ দলের উদ্দেশে রব

“যে নির্বাচনের কথা বলছেন, আপনারা কিন্তু কেউ রেহাই পাবেন না,” জোটের নেতাদের হুঁশিয়ারও করেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 08:33 PM

Updated : 08 Aug 2023, 08:33 PM

সরকারের ‘অগণতান্ত্রিক’ কর্মকাণ্ড সমর্থনের জন্য ১৪ দলীয় জোটের নেতাদের হুঁশিয়ার করলেন আ স ম আবদুর রব।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি এ হুঁশিয়ারি দেন।

গণতন্ত্র মঞ্চের এই নেতা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের নেতাদের ইঙ্গিত করে অভিযোগ করেন, ‘‘দুর্ভাগ্য বাংলাদেশের। আইয়ুব খান ও স্বৈরাচারের বিরুদ্ধে যাদের সঙ্গে মিলে মিছিল করেছি, মিটিং করেছি তারা এখন স্বৈরাচার সরকারের ভাষায় কথা বলেন। পুলিশ গুলি করে মানুষ হত্যা করলেও একটা বিবৃতি দেয় না তারা।

“একের পর এক গায়েবি মামলা দিচ্ছে। যে বিদেশে আছে কিংবা মারা গেছে কিংবা হজে গেছেন সেও আসামি। এসব গায়েবি মামলার বিরুদ্ধেও একটা বিবৃতি দেন না তারা।’’

রব বলেন, ‘‘১৪ দলের ওইসব নেতাদের বলি, একবার চিন্তা করে দেখেন-এখন যেটা চালিয়ে যাচ্ছেন, আপনার যদি আবার ক্ষমতায় থাকেন এবং যে নির্বাচনের কথা বলছেন, আপনারা কিন্তু কেউ রেহাই পাবেন না।”

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলে আবারও উল্লেখ করেন তিনি।

প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘এই সরকার তো বয়ান তৈরি করেছে যে, গণতন্ত্রের চেয়ে উন্নয়ন ভালো। তো সেই উন্নয়ন এখন আমরা চট্টগ্রামের জলাবদ্ধতায় দেখতে পারছি।“

তিনি বলেন, ‘‘পত্রিকার খবর, এক বিলিয়ন ডলার সিঙ্গাপুরে পাচার করেছে এস আলম গ্রুপ। এত অল্প সময়ে এত টাকা এই গ্রুপের পক্ষে আসলে কী আয় করা সম্ভব? জবাব হচ্ছে না। এই ঘটনা তদন্ত করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে। কেন তদন্ত করতে দুই মাস সময় লাগবে?”

তার শঙ্কা, ‘‘দুই মাসে কী তাহলে কাগজপত্র তৈরি করা হবে যে, ওটা পাচার ছিল না বরং বৈধ ছিল। আসলে এই সরকার লুটেরাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।”

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হকের অভিযোগ, “আওয়ামী লীগ দেশে ভোটাধিকার, গণতন্ত্রের কুলখানি করেছে। তারা বলে তাদের নেতৃত্বে নাকি আবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এই কথা শুনলে মানুষ তো দূরের কথা, গাধাও হাসবে।”

গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘‘সরকার ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করেনি। কেবল নাম বদলিয়েছে। এসব করা হয়েছে বিদেশিদের চাপে। এটি একটি আইওয়াশ।”

নাগরিক ঐক্যের সভাপতি মান্নার সভাপতিত্বে সভায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বক্তব্য রাখেন।