জামায়াতের সঙ্গে যোগাযোগ নেই, প্রয়োজনও নেই: হাছান মাহমুদ
“যে বক্তব্য মির্জা ফখরুল দিয়েছেন তা তো জামায়াতই অস্বীকার করেছে,” বলেন তথ্যমন্ত্রী।
বিএনপির দুই দশকের শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের কোনো রকম ‘যোগাযোগ নেই’ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ দলের সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন তারা দেখছেন না।
কোরবানির ঈদের ছুটি শেষে প্রথম কর্ম দিবস রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ বিষয়ে কথা বলেন হাছান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল, এর মধ্যে ‘অন্য কিছু’ নেই।
গত ১০ জুন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের সেই সমাবেশটি হয় এক দশক পর। সেই কর্মসূচির পর থেকে রাজনীতিতে নানা কথা উঠছে।
এর মধ্যে গত ৩০ জুন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, বিএনপি মহাসচিব বলেছেন, ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট।’
এর প্রতিক্রিয়ায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক বিবৃতিতে বলেন, “বিএনপি মহাসচিবের বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার ও জালেমের সঙ্গে আঁতাত, সমঝোতা বা যোগাযোগ করে কখনও রাজনীতি করে না, করার প্রশ্নই আসে না।”
ঈদের ছুটি শেষে মির্জা ফখরুল দাবি করেন, তার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে এসেছে। জামায়াত তাদের সঙ্গেই আছে।
হাছান মাহমুদ বলেন, “দলটি সম্পর্কে যে বক্তব্য মির্জা ফখরুল দিয়েছেন তা তো জামায়াতই অস্বীকার করেছে। আমাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ নেই, যোগাযোগের প্রয়োজনও নেই।”
‘বিএনপির উদ্দেশ্য নির্বাচন ভণ্ডুল’
বিএনপি কিছু দিন পরপর ‘কৌশল পরিবর্তনের’ মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “তাদের মূল কৌশল হচ্ছে দেশে একটি গণ্ডগোল করা, মূল কৌশল হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা। সমস্ত কৌশলের মূল উদ্দেশ্য হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা এবং নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা করা। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যতেও স্পষ্ট।”
পুরনো এক বক্তব্যের প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, “কয়েক দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি টেলিভিশনে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমরা এক বছর ধরে ভিন্ন মাত্রায় আন্দোলন করছি, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছি না।’
“তার মানেটা কী? উনারা আগে (সন্ত্রাসী কর্মকাণ্ড) করেছে সেটা স্বীকার করে নিলেন? কিন্তু গত এক বছর ধরেও উনারা করছেন, ঢাকায় দোতলা বাস পুড়িয়েছেন, পুলিশের ওপর হামলা পরিচালনা করেছেন। চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরালসহ অনেক ছবি ভাঙচুর করেছেন, বিভিন্ন জায়গায় তারা এরূপ বিশৃঙ্খলা করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এটা স্পষ্ট যে তারা নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে।”
যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োজ্য হবে বলে মনে করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, “ঘোষণা অনুযায়ী যারা নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালাবে, নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা চালাবে তাদের ওপর তো এটি বর্তায়।”
সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত
খাদ্যপণ্যের ‘সিন্ডিকেট নিয়ন্ত্রণ করলে জনগণের ভোগান্তি হবে’ সংসদে দেওয়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিক্রিয়া জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “এটি (সিন্ডিকেট) অবশ্যই আমাদের দেশে ভোগান্তি তৈরি করছে, যা আমরা অবশ্যই স্বীকার করি। যারা এটি করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার।”
বিভিন্ন সময় ব্যবস্থা নেওয়ার পর পণ্যমূল্য কমে জানিয়ে মন্ত্রী বলেন, “যারাই এটি (বাজারে কারসাজি) করবে, তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী এরইমধ্যে নির্দেশনা দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। অনেক ক্ষেত্রে করা হয়েছে এর আগে, সামনেও করা হবে।”
দেশে উৎসব হলে কিছু কিছু ব্যবসায়ী নিজেদের যোগসাজশে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বাড়ায় বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, “অন্য দেশগুলোতে কমায়, আর আমাদের দেশে বাড়ায়, এটা দুঃখজনক।”
অবৈধ আইপি টিভি ও ইউটিউব চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী। তবে নিজের মন্ত্রণালয়ের দেওয়া ওই চিঠি কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।
তিনি বলেন, “স্থানীয় জেলা প্রশাসন সময়টা নির্ধারণ করবে। আমরা তাদের চিঠি দিয়ে বলেছি অবৈধভাবে পরিচালিত আইপি টিভি ও ইউটিউবের নামে যারা চাঁদাবাজি করছে, মানুষের চরিত্রহরণ করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়।”
