Published : 05 Jul 2026, 06:51 PM
দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের কাছে ‘চাঁদা দাবি’ ও ‘মানহানির’ অভিযোগে অনলাইন পোর্টাল ফেইস দ্য পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে এ মামলার আবেদন করেন।
আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দিতে বলেছে।
বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, “সকালে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে পিবিআইকে মামলার তদন্তের নির্দেশ দেন।”
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ফেইস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মাস্তুল ফাউন্ডেশনে অফিসে যান। তারা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।
মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য আসামিদের ‘মাসিক ৫০ হাজার টাকা’ করে চাঁদা দাবি করা হয় এবং মাস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকার করায় প্রতিষ্ঠানের ‘সুনাম ক্ষুন্ন করার হুমকি’ দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়।
গত ২৮ জুন ফেইস দ্য পিপল পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর ফলে মাস্তুল ফাউন্ডেশনের ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে দাবি করা হয়েছে মামলায়।
অভিযোগের বিষয়ে কথা বলতে ফেইস দ্য পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগরের নম্বরে ফোন করলে শোয়েব নামের এক ব্যক্তি তা ধরে নিজেকে প্রতিষ্ঠানের অ্যাডমিন অফিসার হিসেবে পরিচয় দেন।
মামলার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “মাস্তুল ফাউন্ডেশনর বিরুদ্ধে আমরা একটা মামলা করেছি। এর বেশি কিছু জানতে হলে অফিসে আসেন। ভাইয়া থাকলে কথা বলবেন।"
প্রতিবেদক মোহাম্মদ ইউসুফকে ফোন করা হলে তিনি ধরেননি।