Published : 07 Jul 2026, 02:53 PM
ঢাকার সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রশাসনের সহায়তায় এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা জাহেদ বলেন, “গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এটার সঙ্গে জড়িত- সেই তদন্ত করা, তাদের ধরা।
“নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে— রাজনৈতিক বক্তব্য বলে একধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সেটা তার অধিকারও আছে। তিনি সেটা বলতে পারেন।”
তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।”
সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে তিনজন আহত হন।
ওই ঘটনায় রাতেই এনসিপির পক্ষ থেকে একটি মামলা করেন দলের ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি।
মামলায় বলা হয়, “অজ্ঞাতনামা আসামিরা এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটনায়।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, “সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনো ২৪ ঘণ্টাও যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না।
“সরকার অবশ্যই গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রক্রিয়া আছে, তদন্ত আছে, নানা রকমভাবে সেই চেষ্টা হবে।”
রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে মন্তব্য করে উপদেষ্টা জাহেদ বলেন, “সরকার সেটাকে গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে কি না, ব্যবস্থা নিচ্ছে কি না; সেটা জরুরি ব্যাপার। এ সরকার নিচ্ছে, আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারছি।”