২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দাওয়াত ও বন্ধু আড্ডায় কেমন হবে মেইকআপ

দিনের শুরুতে পরিবার আর বিকাল-সন্ধ্যায় বন্ধু আত্মীয়- পরিবেশ বুঝে নিতে হয় সাজের কৌশল।

ঈদের দাওয়াত ও বন্ধু আড্ডায় কেমন হবে মেইকআপ
ছবি সৌজন্যে: লা রিভ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 12:30 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঈদের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দাওয়াত, আত্মীয় সঙ্গে দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা সব মিলিয়ে দিনটি ব্যস্ত হলেও কিন্তু আনন্দময়।

দীর্ঘ সময়জুড়ে সতেজ ও পরিপাটি থাকতে চাইলে মেইকআপেও চাই পরিকল্পনা। কারণ একই সাজ সকাল, বিকাল ও রাতের সব আয়োজনের জন্য মানানসই নয়।

পরিবেশ ও আয়োজন অনুযায়ী মেইকআপে আসে ঈদের সাজে নতুনত্ব।

দিনের শুরুতে হালকা ও সতেজ সাজ

ঈদের সকাল সাধারণত পরিবার ও কাছের মানুষের সঙ্গে কাটে। এই সময় ভারী মেইকআপের পরিবর্তে হালকা ও স্বাভাবিক সাজ বেশি মানানসই। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখাই তখন মূল লক্ষ্য।

“হালকা বেস, সামান্য কমপ্যাক্ট, নরম রংয়ের ব্লাশ এবং হালকা ঠোঁটের লিপস্টিক ব্যবহারে মুখে সতেজ ভাব আসে। চোখে খুব বেশি গাঢ় কিছু না দিয়ে হালকা কাজল বা নরম শেইডের ছোঁয়া দিলেই যথেষ্ট। এতে সকালবেলার সাজ আরামদায়ক ও প্রাণবন্ত থাকে” বলেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপ বিশেষজ্ঞ শারমিন কচি।

দাওয়াতের জন্য পরিপাটি ও উজ্জ্বল লুক

ঈদের দিনে দুপুর বা বিকেলের দাওয়াতে সাধারণত একটু বেশি পরিপাটি সাজ প্রয়োজন হয়। কারণ এ সময় অনেক আত্মীয়–স্বজনের সঙ্গে দেখা হয় এবং ছবি তোলার সুযোগও বেশি থাকে।

এই সময় বেস কিছুটা নিখুঁত করা যেতে পারে। ত্বকের দাগ বা ক্লান্তি ঢাকতে ভালোভাবে ফাউন্ডেশন ব্যবহার করা যায়। চোখে একটু শেইড যোগ করে হালকা গাঢ়ত্ব আনা যায়, যাতে চোখের আকর্ষণ বাড়ে।

ঠোঁটে পোশাকের সঙ্গে মিল রেখে একটু উজ্জ্বল লিপস্টিক ব্যবহারে সাজ ভারসাম্যপূর্ণ লাগে।

বন্ধুদের আড্ডায় ট্রেন্ডি ও প্রাণবন্ত সাজ

বন্ধুদের সঙ্গে আড্ডা মানেই একটু খোলামেলা, প্রাণবন্ত ও ফ্যাশনেবল লুক। এখানে একটু নতুন কিছু চেষ্টা করার সুযোগ থাকে।

চোখে রংয়ের ব্যবহার, ভিন্ন ধরনের লাইনার বা সামান্য ঝিলমিল যুক্ত সাজ ব্যবহার করা যেতে পারে। ঠোঁটে একটু গাঢ় বা উজ্জ্বল লিপস্টিকই এখানে যথাযথ।

তবে অতিরিক্ত না করে নিজের স্বাচ্ছন্দ্য বজায় রাখার পরামর্শ দেন এই রূপ-বিশারদ।

দীর্ঘ সময় মেইকআপ ঠিক রাখার কৌশল

ঈদের দিনে একবার মেইকআপ করে সারাদিন তা ঠিক রাখা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তাই শুরুতেই এমনভাবে মেইকআপ করা দরকার যাতে তা দীর্ঘ সময় টিকে থাকে।

মেইকআপ করার আগে ত্বক পরিষ্কার রাখা এবং প্রয়োজনীয় যত্ন জরুরি। এরপর ধাপে ধাপে মেইকআপ করলে তা সহজে নষ্ট হয় না।

প্রয়োজনে সঙ্গে ছোট করে কিছু প্রসাধনী রাখা যেতে পারে, যাতে বাইরে থাকার সময়েও ঠিক করে নেওয়া যায়।

আবহাওয়া অনুযায়ী মেইকআপ নির্বাচন

ঈদের সময় আবহাওয়া অনেক ক্ষেত্রে গরম বা আর্দ্র হতে পারে। তাই মেইকআপ এমন হওয়া উচিত যা সহজে ঘেমে নষ্ট হয়ে না যায়।

ভারী বা খুব তেলতেলে প্রসাধনী ব্যবহার না করে হালকা ও স্থায়ী ধরনের পণ্য ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এতে মুখে অতিরিক্ত ভারীভাবও লাগে না এবং আরামদায়ক থাকে।

আরও পড়ুন

গরমে ত্বকে মেইকআপ টিকিয়ে রাখার কৌশল

মেইকআপের সহজ ৫ ধাপ

ঈদ মেইকআপে যে ভুল করা যাবে না