চুল ভালো রাখতে সাহায্য করে যেসব তেল
অবাক লাগতে পারে, কারণ এই তালিকায় নারিকেল তেল নেই।
চুল লম্বা হওয়া, চুল পড়া, নতুন চুল না গজানো বা চুল কালো রাখা নিয়ে অনেক রকমের ধারণাই প্রচলিত আছে।
কারও ধারণা চুল কাটলে নাকি দ্রুত লম্বা হয়, কেউ আবার মনে করেন পাকা চুল তুললে কালো চুল গজায়।
এসব প্রচলিত ধারণা আসলে চুল পড়ার সমস্যাকে আরও বিভ্রান্তিকর করে তোলে। চুলের নানান সমস্যার জন্য নানান কিছু ব্যবহারের পরেও অনেকেই থাকেন দুশ্চিন্তায় আর খোঁজেন সহজ সমাধান।
বাস্তবতা হল- হারানো চুল রাতারাতি ফিরিয়ে আনার কোনো জাদুকরী উপায় নেই। তবে প্রাকৃতিক উপায়ে চুলের বৃদ্ধি আর লম্বা হওয়াকে সহায়তা করতে তেল ভালো মাধ্যম।
রূপচর্চাকর ফারহানা রুমি বলেন, “সব তেল এক রকম নয়। সঠিক তেল নিয়মিত ও ধৈর্য ধরে ব্যবহার করলে মাথার ত্বক সুস্থ থাকে, চুল ভাঙা কমে এবং চুল গজানোর প্রক্রিয়া ধীরে ধীরে সক্রিয় হয়।”
গ্রিন টি তেল: মাথার ত্বক পরিষ্কার ও চুলের গোড়া শক্ত
‘গ্রিন টি ওয়েল’ নামেও পরিচিত- অ্যান্টি–অক্সিডেন্ট ও ক্যাটেচিনে ভরপুর। এসব উপাদান এমন এক হরমোনের কার্যকারিতা কমাতে সাহায্য করে, যা চুলের গোড়া ছোট করে দেয়। এর ফলে চুল ধীরে ধীরে পাতলা হয়ে যায়।
এই তেলের আরেকটি বড় গুণ হল, এটি মাথার ত্বকের জীবাণু ও ময়লা দূর করতে সাহায্য করে।
খুশকি বা অতিরিক্ত প্রসাধনীর কারণে জমে থাকা স্তর পরিষ্কার হলে চুল গজানোর জন্য ভালো পরিবেশ তৈরি হয়।
যেহেতু তেলটি খুব বেশি চিটচিটে নয়, তাই সহজেই মাথার ত্বকে শোষিত হয়।
রোজমেরির তেল: চুল বৃদ্ধির সহায়ক
চুল গজানোর ক্ষেত্রে রোজমেরির তেল বেশ পরিচিত। চিকিৎসা–ভিত্তিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত মাথার ত্বকে এই তেল মালিশ করলে চুল পড়া কমতে পারে এবং নতুন চুল গজাতে সহায়তা করে।
রুমি বলেন, “এই তেল মাথার ত্বক শান্ত করে এবং রক্ত চলাচল বাড়ায়, যা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে।”
কিছু ক্ষেত্রে এটি একেবারেই চুল নেই এমন সমস্যাতেও ব্যবহৃত হয়। তবে এই তেল সরাসরি ব্যবহার না করে অন্য কোনো হালকা তেলের সঙ্গে মিশিয়ে নেওয়াই নিরাপদ।
জেরেনিয়ামের তেল: ত্বকের তেল নিয়ন্ত্রণে ভারসাম্য
ফুল থেকে তৈরি জেরেনিয়ামের তেল মাথার ত্বকের তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এই তেল চুলের গোড়ার চারপাশের পরিবেশ ঠিক রাখতে ভূমিকা রাখে।
এটি জীবাণুনাশক ও প্রদাহনাশক হওয়ায় মাথার ত্বক সুস্থ রাখে। একই সঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলের বৃদ্ধির জন্য জরুরি। নিয়মিত ব্যবহারে চুল শক্ত ও আর্দ্র থাকে।
ক্যাস্টর অয়েল: ভরসায় ব্যবহৃত তেল
ক্যাস্টর তেল বা রেড়ির তেল বহুদিন ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে।
রুমি বলেন, “এই তেল সরাসরি চুলে ব্যবহার করা যাবে না। তবে এটি চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং ভাঙা কমায়।”
এই তেল চুলের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারে, যা অন্য অনেক তেল পারে না। বিশেষ করে অন্য তেলের সঙ্গে মাথার ত্বকে সরাসরি ব্যবহার করলে উপকার মিলতে পারে।
পুদিনার তেল: রক্ত চলাচল বাড়ায়
পুদিনার তেলে থাকা উপাদান মাথার ত্বকের রক্তনালি প্রসারিত করে। ফলে রক্ত প্রবাহ বাড়ে, যা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে।
যাদের মাথার ত্বক বেশি তেলতেলে, তাদের জন্য এই তেল ভারসাম্য আনতে পারে।
তবে এই রূপ-পারদর্শী সতর্ক করে বলেন, “এই তেলও কখনই সরাসরি ব্যবহার করা উচিত নয়। অন্য কোনো তেলের সঙ্গে মিশিয়ে নেওয়াই নিরাপদ।”
ল্যাভেন্ডারের তেল: শান্ত ত্বক, সুস্থ চুল
ল্যাভেন্ডারের তেল মানসিক প্রশান্তির জন্য পরিচিত হলেও চুলের ক্ষেত্রেও এর উপকার আছে। গবেষণায় দেখা গেছে, এটি মাথার ত্বকে চুলের গোড়ার সংখ্যা বাড়াতে সাহায্য করতে পারে।
এটি জীবাণুনাশক হওয়াতে মাথার ত্বক পরিষ্কার থাকে এবং খুশকি কমে। পরিষ্কার ও সুস্থ ত্বকই চুল গজানোর জন্য সবচেয়ে ভালো ভিত্তি।
আরও পড়ুন
