২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রূপচর্চায় প্রসাধনী ব্যবহারের নিয়ম

সর্বোচ্চ সুফল পেতে জেনে নিন ধাপে ধাপে প্রসাধনী ব্যবহারের সঠিক পদ্ধতি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 04:56 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং তারুণ্য ধরে রাখতে ফেইসওয়াশ, টোনার, সেরাম, রেটিনল, আই ক্রিম এবং ময়েশ্চারাইজার ব্যবহারের চল এখন ঘরে ঘরে।

তবে অনেকেই বুঝতে পারেন না কোন প্রসাধনীটি আগে এবং কোনটি পরে মাখা উচিত।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ভুল ক্রমে বা উল্টোপাল্টা নিয়মে ক্রিম মাখলে ত্বকের কোষগুলো আসল পুষ্টি উপাদান শোষণ করতে পারে না; ফলে দামি পণ্য ব্যবহারেও কোনো ইতিবাচক পরিবর্তন আসে না।

‘হেলথ ডটকম’-এ প্রকাশিত প্রতিবেদনে চিকিৎসকেরা জানিয়েছেন, রূপচর্চার সামগ্রী ব্যবহারের সূত্র হল— হালকা বা পাতলা টেক্সচার বা গঠনের পণ্যটি আগে মাখতে হবে। আর পর্যায়ক্রমে সবচেয়ে ভারী বা ঘন প্রসাধনীটি একদম শেষে ব্যবহার করতে হবে।

যুক্তরাষ্ট্রের বোর্ড-প্রত্যয়িত সাধারণ ও ‘প্রসিডিউরাল ডার্মাটোলজিস্ট’ ডা. সুসান বার্ড এবং কসমেটিক লেজার ডার্মাটোলজির প্রতিষ্ঠাতা ও মার্কিন চিকিৎসক ডা. মিচেল গোল্ডম্যান, স্তরে স্তরে প্রসাধনী ব্যবহারের ধারাবাহিক ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ক্লিনজার বা মুখ ধোয়া

যেকোনো রূপচর্চার প্রারম্ভিক এবং প্রধান শর্ত হল, ত্বক ভালো করে পরিষ্কার করে নেওয়া, যা পরের উপাদানগুলোর শোষণ ক্ষমতা বাড়ায়। এজন্য অ্যালকোহলমুক্ত এবং মৃদু ফেইসওয়াশ ব্যবহার করে, হালকা কুসুম গরম পানি বা সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে আলতো করে মুছে নেওয়া উপকারী।  

টোনার

মুখ ধোয়ার পর ত্বকের স্বাভাবিক পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং বন্ধ লোমকূপের গভীরের ময়লা দূর করতে একটি ভালো টোনার ব্যবহার করা যেতে পারে। তুলা বা কটন প্যাডে টোনার নিয়ে পুরো মুখে আলতো করে চেপে চেপে লাগাতে হবে।

স্পট ট্রিটমেন্ট

যদি মুখে কোনো তীব্র ব্রণ, ফুসকুড়ি বা মেছতার নির্দিষ্ট কালচে দাগ থাকে, তবে এই ধাপে শুধু সেই আক্রান্ত স্থানেই স্পট ক্রিম লাগাতে হবে। দাগের ওপর আঙুল দিয়ে আলতো করে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং এই অংশে অন্য কোনো সেরাম মাখা যাবে না।

সেরাম

এটা হল উচ্চ-ঘনত্বসম্পন্ন পানির মতো হালকা তরল, যা ত্বকের গভীরে খুব দ্রুত প্রবেশ করে পুষ্টি জোগায়। সকালে ভিটামিন-সি এবং রাতে নিয়াসিনামাইড বা আলফা হাইড্রোক্সি অ্যাসিড সেরাম এক মটরদানা পরিমাণ নিয়ে মুখে আলতো চাপে মালিশ করতে হয়।

সতর্কতা: ডা. মিচেল গোল্ডম্যান সতর্ক করে বলেন, “ভুলেও ভিটামিন-‘সি’-এর সঙ্গে নিয়াসিনামাইড কিংবা রেটিনলের সঙ্গে এএইচএ/বিএইচএ সেরাম মেশানো যাবে না; এতে কার্যকারিতা নষ্ট হওয়ার পাশাপাশি ত্বকে তীব্র জ্বালাপোড়া ও শুষ্কতা দেখা দেয়।

রেটিনল ও রেটিনয়েড চিকিৎসা

অ্যান্টি-এইজিং বা বয়সের বলিরেখা দূর করার ক্রিম, রেটিনল সেরামের পর লাগাতে হবে। এটি কোষের পুনর্গঠন ও কোলাজেন বাড়াতে কাজ করে। আর এই ক্রিম সূর্যের আলোতে সংবেদনশীল হওয়ায় শুধুমাত্র রাতে ব্যবহার করা নিরাপদ।  

আই ক্রিম বা চোখের নিচের যত্ন

চোখের চারপাশের অত্যন্ত পাতলা ও নরম চামড়ায় বলিরেখা ও ‘ডার্ক সার্কেল’ বা কালচে গাদ দূর করতে সেরাম বা রেটিনল শোষণের পর আই ক্রিম লাগাতে হবে। অনামিকা বা রিং ফিঙ্গার দিয়ে একদম আলতো করে চেপে আই ক্রিম লাগাতে হয়। কোনো ঘষাঘষি করা যাবে না।

ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার সাধারণত অনেক বেশি ঘন ও ভারী হয়, তাই এটি পূর্ববর্তী সব হালকা ও পাতলা পণ্যের পুষ্টিকে ত্বকের ভেতর ‘সিল’ বা লক করে দেয়। শুষ্ক ত্বকের জন্য সিরামাইড বা শিয়া বাটারযুক্ত এবং তৈলাক্ত ত্বকের জন্য ‘অয়েল-ফ্রি হায়ালুরোনিক অ্যাসিডের লাইটওয়েট জেল’ ময়েশ্চারাইজার মুখে ও গলায় ভালো করে ম্যাসাজ করা উচিত।

ফেইস অয়েল

যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা বাড়তি আর্দ্রতার জন্য ময়েশ্চারাইজারের ঠিক ওপর দিয়ে কয়েক ফোঁটা আরগান, অ্যাভোকাডো বা রোজহিপ ফেইস অয়েল ম্যাসাজ করতে পারেন। তেল ময়েশ্চারাইজারের আগে মাখলে ময়েশ্চারাইজার ত্বকে প্রবেশ করতে পারে না।

সানস্ক্রিন বা সূর্য সুরক্ষা

দিনের বেলার রূপচর্চায় একদম শেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ হল সানস্ক্রিন মাখা। এটি অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচিয়ে স্কিন ক্যান্সার ও অকাল বার্ধক্য সরাসরি রোধ করে। বাইরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে এসপিএফ ৩০ সমৃদ্ধ সানস্ক্রিন পুরো মুখ, গলা ও কানে মাখা এবং প্রতি দুই ঘণ্টা পর পর তা পুনরায় ব্যবহার করাই বৈজ্ঞানিক নিয়ম।

বিশেষজ্ঞদের পরামর্শ

ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখতে এবং প্রতিটি উপাদানের সর্বোচ্চ সুফল পেতে এই ধারাবাহিকতা মেনে চলা অপরিহার্য।

পাশাপাশি কৃত্রিম উপাদানের রাসায়নিক ধকল থেকে শরীরের কোষগুলোকে সতেজ রাখতে এবং অভ্যন্তরীণ আর্দ্রতা বজায় রাখতে সারাদিনে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা জরুরি।

আরও পড়ুন

ঘামরোধী প্রসাধনী ব্যবহারের পরও যে কারণে ঘাম কমে না

যে কারণে ত্বকেরও উপবাস দরকার

ফর্সা হওয়ার ক্রিমের মরণফাঁদ