Published : 21 May 2026, 05:36 PM
জীবনে চলার পথে একসময় এসে মনে হতেই পারে, আসলে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?
‘আমি কেমন মানুষ হতে চাই?’, ‘যা করছি, তা কি সত্যিই সুখ দিচ্ছে?’
এই প্রশ্নগুলো ধীরে ধীরে নিজের ভেতরে জমতে থাকে। দায়িত্বের ভিড়ে নিজের মূল্যবোধ সম্পর্কে ভাবার সুযোগই হয়ত হয়ে ওঠে না।
অথচ বিশেষজ্ঞরা বলছেন- জীবনে স্থিরতা, আত্মবিশ্বাস ও মানসিক শান্তির জন্য নিজের মূল্যবোধ জানা অন্য সব কিছুর মতোই জরুরি।
আর এ কারণেই অনেকে বুঝতে পারেন না কেন চাকরিতে থেকেও অস্বস্তি হচ্ছে, কেন সম্পর্ক পূর্ণতা দিচ্ছে না, বা কেন জীবনে সবকিছু ঠিক থাকার পরও ভেতরে শূন্যতা কাজ করছে।
এর পেছনে কারণ হতে পারে নিজের মূল্যবোধের সঙ্গে জীবনের বাস্তবতার অমিল।
মূল্যবোধ বলতে যা বোঝায়
মনস্তত্ব-বিষয়ক ওয়েবসাইট ‘কাম ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মূল্যবোধ হল এমন কিছু নীতি বা বিশ্বাস যা জীবনযাপন, সিদ্ধান্ত ও সম্পর্ককে পরিচালিত করে।
এটি অনেকটা ভেতর থেকে দিকনির্দেশনা পাওয়ার মতো বিষয়।
কোনটিকে গুরুত্বপূর্ণ মনে করেন, কোন কাজ করলে তৃপ্তি পান বা কোন ধরনের জীবন শান্তি দেয়— এসব প্রশ্নের উত্তরই মূল্যবোধের ভেতরে লুকিয়ে থাকে।
তবে লক্ষ্য ও মূল্যবোধ এক নয়। লক্ষ্য সাধারণত নির্দিষ্ট অর্জনের সঙ্গে সম্পর্কিত, যা হতে পারে ভালো চাকরি পাওয়া বা বাড়ি কেনা। তবে মূল্যবোধ হল ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সততা গুরুত্বপূর্ণ হলে সে ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও সত্য বলার চেষ্টা করবেন। আবার সহমর্মিতা গুরুত্বপূর্ণ হলে তিনি মানুষের পাশে দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন- এটাই মূল্যবোধ।
কোথা থেকে তৈরি হয় মূল্যবোধ?
মূল্যবোধ একদিনে নয় বরং পরিবার, সংস্কৃতি, শিক্ষা, জীবনের অভিজ্ঞতা এবং নানান সংকট মিলিয়েই গড়ে ওঠে।
“অনেকের মধ্যে কঠোর পরিশ্রম বা পরিবারের প্রতি দায়িত্ববোধ ছোটবেলা থেকেই তৈরি হয়। আবার কেউ জীবনের কোনো কঠিন অভিজ্ঞতার পর স্বাধীনতা বা মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন”- ওই প্রতিবেদনে মন্তব্য করেন মার্কিন মনোবিদ ডা. ক্রিস মোসুনিক।
দুই মানুষের মূল্যবোধ কখনও পুরোপুরি এক হয় না। কারণ প্রত্যেক মানুষের জীবন ও অভিজ্ঞতা আলাদা।
মূল্যবোধ জানা যে কারণে জরুরি
জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় মূল্যবোধ দিকনির্দেশনা দেয়। যখন একজন জানেন তার কাছে কী সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
কেউ যদি স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়, তাহলে হয়ত এমন কাজ বেছে নেবেন যেখানে নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকবে।
আবার কারও কাছে স্থিরতা গুরুত্বপূর্ণ হলে, তিনি নিরাপদ ও নিয়মিত জীবনকেই অগ্রাধিকার দেবেন।
ডা. মোসুনিকের ভাষায়, “নিজের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করলে আত্মবিশ্বাসও বাড়ে। কারণ তখন নিজের সত্যিকার চাহিদার সঙ্গে মিল থাকে।?
এছাড়া কঠিন সময়েও মূল্যবোধ স্থির থাকতে সাহায্য করে।
মূল্যবোধের বিভিন্ন ধরন
এই মার্কিন মনোবিদের মতে, “মানুষের মূল্যবোধ সাধারণত কয়েকটি বড় ভাগে দেখা যায়।”
কিছু মূল্যবোধ নৈতিকতার সঙ্গে সম্পর্কিত। যেমন- সততা, ন্যায়বিচার বা সম্মানবোধ। এগুলো মানুষকে ঠিক ও ভুল বোঝার ভিত্তি দেয়।
আবার কিছু মূল্যবোধ সামাজিক সম্পর্কের সঙ্গে যুক্ত। যেমন- বন্ধন, সহানুভূতি বা সমাজের প্রতি দায়িত্ববোধ।
অনেকের কাছে অর্জনও গুরুত্বপূর্ণ মূল্যবোধ। যেমন- সাফল্য, উন্নতি বা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা।
“কেউ সৌন্দর্য, সৃজনশীলতা বা প্রকৃতির শান্তিকে জীবনের বড় মূল্যবোধ হিসেবে দেখেন। আবার কারও কাছে স্বাস্থ্য, স্বাধীনতা বা কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ”- বলেন ডা. মোসুনিক।
অনুভূতির দিকে মনোযোগ
রাগ, হতাশা, আনন্দ বা কৃতজ্ঞতার মতো তীব্র অনুভূতিগুলোও মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িত।
যখন কোনো ঘটনা খুব কষ্ট দেয়, তখন অনেক সময় সেটি তার কোনো গুরুত্বপূর্ণ মূল্যবোধে আঘাত করে। আবার যেসব মুহূর্ত আনন্দ দেয়, সেগুলো সাধারণত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
ডা. মোসুনিক বলেন, “কোন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিরক্ত বা সবচেয়ে বেশি আনন্দিত হন, সেটি খেয়াল করলেও মূল্যবোধ সম্পর্কে ধারণা পাওয়া যায়।”
গুরুত্বপূর্ণ ও মূল্যবোধ আলাদা করা
অনেক সময় একসঙ্গে অনেক বিষয় গুরুত্বপূর্ণ মনে হয়। তবে সবকিছুর গুরুত্ব সমান নয়।
তাই বিশেষজ্ঞরা কিছু মূল্যবোধ লিখে সেগুলো গুরুত্ব অনুযায়ী সাজানোর পরামর্শ দেন। যেমন- কোনগুলো ছাড়া জীবন কল্পনা করা কঠিন। আর কোনগুলো থাকলে ভালো লাগে তবে অপরিহার্য নয়।
সময়ের সঙ্গে মূল্যবোধ বদলাতেও পারে
এই মনোবিদ মনে করিয়ে দেন, “মূল্যবোধ চিরস্থায়ীভাবে একই থাকে না। বয়স, অভিজ্ঞতা ও জীবনের পরিস্থিতির সঙ্গে এগুলো বদলাতেও পারে।”
বিশ বছর বয়সে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, চল্লিশে এসে হয়ত সেটি আর ততটা গুরুত্বপূর্ণ নাও লাগতে পারে।
আরও পড়ুন
যে মানসিক অবস্থার কারণে বেশি কেনাকাটা করা হয়