২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের আছে বলে নিজেরও থাকতে হবে?

ওর আছে, আমার নেই- এই অনুভূতি থেকে জন্ম নেয় অসন্তুষ্টি আর সামাজিক সহিংসতা।

অন্যের আছে বলে নিজেরও থাকতে হবে?

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 05:00 PM

Updated : 24 Dec 2022, 04:59 PM

আরেকজনের আছে সেজন্য নিজেরও চাই- এরকম আকাঙ্ক্ষা জাগার নানান কারণ থাকতে পারে।

অন্যের দামি মোবাইল ফোন দেখে নিজেরও সেটা পাওয়ার ইচ্ছে হল- এরকম মানসিকতার আরেক নাম ‘মিমেটিক ডিজায়ার’ বা অনুকরণীয় আকাঙ্ক্ষা।

এই ধরনের ইচ্ছে জেগে ওঠার লক্ষণ সাধারণত দেখা যায় অপেক্ষাকৃত তরুণ বা কিশোর কিশোরীদের মধ্যে।

আর যারা ভাবে তারা কী চায়, পৃথিবীতে কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে- তাদের মধ্যে এই ধরনের আকাঙ্ক্ষা কাজ করে।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে অবস্থিত ‘ইউনিভার্সিটি অফ ফিনিক্স’য়ের ‘কলেজ অফ সোশাল অ্যান্ড বিহেইভিয়োরাল সায়েন্স’য়ের সভাপতি ও মনোবিজ্ঞানী ড. বার্বারা বার্ট বলেন, “এই ধরনের মানুষেরা নিজের পরিচয় উন্নত করার জন্য অন্যের দিকনির্দেশনা খুঁজে বেড়ায়।”

“মিমেটিক ডিজায়ার’ থাকা মানুষরা সাধারণত বাহ্যিক পরিবেশ দিয়ে প্রভাবিত হয়। এর উল্টো বিষয় হল আত্মনিয়ন্ত্রিত মানুষ”, ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন ড. বার্ট।

তিনি ব্যাখ্যা করেন, “আত্মনিয়ন্ত্রিত মানুষরা সাধারণত চিন্তা করে- অন্যদের কী আছে না আছে সেটা বিষয় না, বরং আমি কী চাই সেটা একান্তই আমার ব্যাপার।”

তবে অন্যের আছে বলে নিজেরও থাকতে হবে- এই ইচ্ছে হওয়াটা সমস্যার তৈরি করে।

ডা. বার্ট বলন, “যখন অন্যের অনুকরণে নিজের কোনো ইচ্ছে পূরণ হয় না তথন দেখা দেয় অতৃপ্তি বা অসন্তুষ্টি।”

এই ক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে ফরাসি একটি ধারাবাহিক নাটকের উদাহরণ দিয়ে এই মনোবিজ্ঞানি বলেন, “নাটকে দেখা যায় ক্যামরন নামের পুরুষটি হার্পার নামের নারীকে আসলে চায় না, বরং চায় তার সামাজিক প্রতিপ্রত্তি। তবে হার্পার যেহেতু আরেকজনের বাগদত্তা সেহেতু ক্যামরনের ‘মিমেটিক ডিজায়ার’ ‘ব্যাক ফায়ার’ হয়ে রূপ নেয় ‘মিমেটিক রাইভালরি’ বা প্রতিদ্বন্দ্বিতায়।”

আর এই ধরনের মানসিকতা থেকে তৈরি হয় সামাজিক সহিংসতা বা ‘সোশাল ভায়োলেন্স’।

‘মিমেটিক ডিজায়ার’ এড়ানোর ‍উপায়

মনে হতে পারে, অন্যের অনুকরণে কোনো কিছু পাওয়ার আকঙ্ক্ষা করাটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময় আশপাশের পরিবেশ প্রভাব বিস্তার করে।

যদিও যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা’র নিবন্ধিত নিউরোসাইকোলজিস্ট ড. কারেন সালিভন মনে করেন, প্রতিটা মানুষের আত্মা মুক্ত আর তার চাওয়ার পাওয়ার ইচ্ছেটাও একান্তই ব্যক্তিগত। তারপরও ‘মিমেটিক ডিজায়ার’য়ের কারণে আমাদের ইচ্ছেগুলো প্রচণ্ডভাবে নিয়ন্ত্রিত হতে পারে।

ডা. সালিভনের মতে, “জ্ঞানই শক্তি আর নিজের মধ্যে এই ধরনের ইচ্ছে জাগ্রত হওয়ার বিষয়ে জানার চেষ্টার মাধ্যমেই প্রতিরোধ করা যায় অনুকরণের বাসনা।”

তিনি বলেন, “যখন নিজেকে প্রশ্ন করে আসল উত্তর পাওয়া যায় তখনই এই ধরনের ইচ্ছেগুলোকে দূরে সরিয়ে রাখা সম্ভব।”

এই ক্ষেত্রে ড. বার্ট, নিজের আকাঙ্ক্ষার পুনঃ পরীক্ষার জন্য নিজেকেই কিছু প্রশ্ন করার পরামর্শ দেন।

সেগুলো হল- ‘কেউ চাচ্ছে না, তারপরও কি সেটা আমার চাই?’, ‘আর চাইলেও কি এটা আমাকে উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে?’

যদিও সমাজবদ্ধভাবে বাস করে, অন্যের অনুকরণে কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে সরিয়ে রাখার মতো শক্তি অর্জনের জন্য নিয়মিত চর্চার প্রয়োজন হয়। তারপরও বাহ্যিক কারণে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেতরের অনুভূতি দিয়ে নিজের যোগ্যতা তুলে ধরাই হবে আসল পরিচয়।

আরও পড়ুন

পুরনো খবর:

ইচ্ছে না করলেও কি ব্যায়াম করা ঠিক?
শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
অতি অনুভূতিপ্রবণ হলে নিজেকে যেভাবে সামলাবেন