১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাপড় বেশি হয়ে গেলে যেভাবে গুছিয়ে রাখবেন

আলমারিতে জায়গা হচ্ছে না! তবে কিছু কাপড় বাতিল করতে পারেন।

কাপড় বেশি হয়ে গেলে যেভাবে গুছিয়ে রাখবেন

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 06:17 PM

Updated : 10 Dec 2023, 06:17 PM

অনেকে কম কাপড় দিয়ে সারা বছর চলতে পছন্দ করেন। আবার কেউ কেউ আলামরি বা ‘ক্লজেট’ ভরা কাপড় রাখতে পছন্দ করেন।

তবে কাপড় বেশি হলে গোছানো ও প্রয়োজনীয় কাপড় খুঁজে বের করা কষ্টকর।

অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া

নিউ ইয়র্ক’য়ের ‘দ্যা থটফুল হোম’য়ের সহকারি প্রতিষ্ঠাতা ও  পেশাদার অর্গানাইজার রোজ পালভার বলেন, “ক্লজেট বা আলামারি গুছিয়ে রাখার প্রথম ধাপ হল অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া।”

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “সব কাপড় নামিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে, কাপড়টা কি ভালো আছে? আপনি কি এটা পছন্দ করেন? এটা কি মাপে ঠিক আছে? এটা কি আরও পরতে চান? ইত্যাদি।”

এসব প্রশ্নের উত্তর খোঁজার পরে তা বাতিল হবে না আলমারিতে থাকবে তা নির্ধারণ করতে হবে।

পোশাক ছাড়াও পুরানো ও ভাঙা হ্যাঙ্গার ও ড্রাই ক্লিনিক ব্যাগ বাতিলের কথা ভুলতে চলবে না।

বাড়তি তাক যোগ করা

অধিকাংশ ক্লজেট বা এখনকার আলামারিগুলোর তাক পুনর্বিন্যাস করা যায়। তাই প্রয়োজন অনুযায়ী তাক যোগ করে বা খুলে খোপের জায়গা বাড়ানো বা তাক খুলে একটা পাশ আকারে বড় করা যায়।

বাড়তি ক্লজেট বা আলমারি যোগ করা

যুক্তরাষ্ট্রের ‘ক্লাটার টু ক্ল্যারিটি হোম অর্গানাইজিং এর প্রতিষ্ঠাতা ও আয়োজক লিন্ডসে মাহানা বলেন, “একটা বার যুক্ত আর্দশ মাপের ক্লজেট হলে এতে বাড়তি একটি বার যোগ করে জায়গা বাড়ানো যায়। সাধারণ একটা রড দিয়ে সহজেই এই কাজ করা যায়।”

জিনিসের ধরন ভেদে আলাদা করা

বিভিন্নভাবেই আলামারি গুছিয়ে রাখা যায়। তবে পালভার, জিনিসের ধরন ভেদে এবং মৌসুম ভিত্তিক পোশাক সংরক্ষণের পরামর্শ দেন। যেমন- শীতকালের জ্যাকেটের সাথে কেবল শীতকালের পোশাক রাখা। এতে সহজেই শীতকালীন পোশাক খুঁজে পাওয়া যাবে।

তিনি বলেন, “এই পদ্ধতিতে গুছিয়ে রাখলে সহজেই প্রয়োজন অনুযায়ী জিনিস পাওয়া যায়। মৌসুম ভিত্তিক পোশাক আলাদা করে রাখা ও তার সংরক্ষণ করা পরের মৌসুমের জিনিস খুঁজে পেতে সহায়তা করবে এবং জায়গার সর্বোচ্চ ব্যবহারে সহায়তা করবে।”

অন্যান্য রাখার জায়গা খোঁজা

মাহানা বলেন, “ঘরে কম ব্যবহৃত হয় এমন স্থানের কথাও বিবেচনা করা উচিত। যেমন- গেস্ট রুমে বা শিশুদের ঘরে রাখার জায়গা খালি থাকলে বা সেখানে সচরাচর ব্যবহার করা হয় না এমন জায়গায় ‘ফরমাল’ জামা কাপড় সংরক্ষণ করা যায়।”

কিছু জিনিস বাইরে রাখা

সব জামা কাপড় আলমারি বা ক্লজেটে  সংরক্ষণের প্রয়োজন নেই।

“যদি কাপড় ঝুলিয়ে রাখার স্থানের স্বল্পতা দেখা দেয়, তাহলে সহজে ভাঁজ পড়ে না এমন কাপড় যেমন- জিন্স ও সোয়েটার ভাঁজ করে ড্রয়ারে রাখা যেতে পারে। এসব কাপড় রাখার স্থানের মাঝে ডিভাইডার ব্যবহার করলে তা খুঁজে পেতে সুবিধা হয়। ঝুলিয়ে রাখার স্থানে ব্লাউজ, স্কার্ট ও পোশাক রাখা যায় এবং বাকিগুলো অন্য কোথাও রাখা যেতে পারে”- বলেন পালভার।

তিনি আরো বলেন, “আনুষঙ্গিক জিনিস যেমন- টুপি, বেল্ট ও হ্যান্ডব্যাগ ইত্যাদি ঝুলিয়ে রাখার জন্য দেওয়াল সেরা। এছাড়াও, কোট ও হ্যাট রাখার থাক ঘরের অন্য স্থানে রেখেও এ সকল জিনিস সংরক্ষণ করা যায়।”

আরও পড়ুন

পুরানো খবর:

কাপড় ধোয়ার সাধারণ ভুল ও সমাধান

পুরানো খবর:

ভ্রমণের ব্যাগ গোছানোর কার্যকর উপায়

পুরানো খবর:

ব্যাকপ্যাক পরিষ্কারের পন্থা