২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেটাবলিক সিন্ড্রম’ এড়ানোর খাদ্যাভ্যাস

মেডিটরিয়ান খাদ্যাভ্যাস জটিল কোনো বিষয় নয়। আর এই খাদ্যাভ্যাস জটিল রোগ থেকে দূরে রাখতে পারে।

‘মেটাবলিক সিন্ড্রম’ এড়ানোর খাদ্যাভ্যাস

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 03:43 PM

Updated : 12 Dec 2022, 03:43 PM

একসঙ্গে কয়েকটি সমস্যায় জর্জরিত হলে ধরে নেওয়া যায় ‘মেটাবলিক সিন্ড্রম’য়ে ভুগছেন।

উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেশি, উচ্চ ট্রাইগ্লিসারাইডস বা রক্তে চর্বির মাত্রা বেশি, এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা কম, অতিরিক্ত কোমরের মাপ (পুরুষদের ক্ষেত্রে ৪০ ও নারীদের ক্ষেত্রে ৩৫ ইঞ্চির বেশি)।

উপরের প্রতিটি সমস্যা এককভাবে শরীরের জন্য ক্ষতিকর। তবে দুতিনটা সমস্যা একসঙ্গে থাকলে ধরে নিতে হবে আপনি ‘মেটাবলিক সিন্ড্রম’য়ে ভুগছেন। যেখান থেকে দেখা দেবে ‘টাইপ টু ডায়াবেটিস’, হৃদরোগ, স্ট্রোকসহ ক্যান্সার হওয়ার ঝুঁকি।

এই বিষয়ে কানাডা’র টরন্টো নিবাসী পুষ্টিবিদ ও নিবন্ধিত ‘ডায়াবেটিস এডুকেটর’ জাস্টিন চ্যান ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “মেটাবলিক সিন্ড্রম’য়ের অন্য নাম ‘সিন্ড্রোম এক্স অ্যান্ড ইন্সুলিন রেজিস্ট্যান্স’।”

‘ইওরডায়াবেটিসডায়াটেশিয়ান ডটকম’য়ের এই প্রতিষ্ঠাতা আরও বলেন, “অনেক ক্ষেত্রেই রোগিরা এই বিষয়ে অজ্ঞাত। একসঙ্গে কয়েকটা সমস্যা শরীরে থাকা মানে দেহের বিপাক প্রক্রিয়াতে সমস্যা চলছে। সুখবর হল ওষুধ ছাড়াও খাদ্যাভ্যাস পরিবর্তনে এই সমস্যাগুলো অনেকটাই কমিয়ে আনা যায়।”

আর এই ক্ষেত্রে ‘মেডিটরিয়ান ডায়েট’ অনুসরণ করার পরামর্শ দেন এই পুষ্টিবিদ।

তার কথায়, “কোনো খাবার বাদ দেওয়া ‘মেডিটরিয়ান ডায়েট’য়ের বৈশিষ্ট নয়। বরং কোন খাবারটি বেশি খেতে পারবেন সেটাই এখান মুখ্য। তবে অবশ্যই প্রক্রিয়াজাত খাবার বাদ দেওয়া হয় আর ‘রেড মিট’ কম খেতে হয়।”

‘ওবেসিটি’ সাময়িকীতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেল্থ’, ‘বস্টন ইউনিভার্সিটি’, হার্ভার্ড মেডিকেল স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানের মিলিত গবেষণার ফলাফলে দেখা গেছে, ‘মেডিটরিয়ান ডায়েট’ অনুসরণের ফলে পেটে কম পরিমাণে চর্বি জমতে দেখা গেছে।

‘ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন’য়ে প্রকাশিত ইতালির ইউনিভার্সিটি অফ মিলান’য়ের ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর দি অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস, ডিপার্টমেন্ট অফ ফুড, এনভায়রনমেন্টাল অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স’য়ের করা গবেষণার ফলাফল বলে, যারা ‘মেডিটরিয়ান’ খাদ্যাভ্যাস অনুসরণ করেছেন তারা স্থূল হওয়ার পরও তাদের মধ্যে মেটাবলিক সিন্ড্রম দেখা যায়নি।

মেডিটরিয়ান খাদ্যাভ্যাস তেমন কোনো জটিল বিষয় নয়।

খাওয়ার পাত্রে বেশি পরিমাণে উদ্ভিজ্জ খাবার রাখা

চ্যান বলেন, “স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের চাবিকাঠি হল বেশি পরিমাণে উদ্ভিজ্জ খাবার খাওয়া।”

ফল ও সবজিতে প্রদাহরোধী উপাদান থাকে। আর এসবে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিপাক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

চ্যান আরও জানান, উদ্ভিজ্জ আঁশ রক্তে শর্করার মাত্রা কমায় ও কোলেস্টরলের মাত্রা কম রাখাতে সাহায্য করে।

মাংসের পরিবর্তে শুঁটি

মাংস খাওয়ার পরিমাণ কমাতে হবে। সেজন্য সপ্তাহে দুতিনবার মাংস খাওয়ার অভ্যাস করতে হবে।

আর মাংস খাওয়ার আগ্রহ কমাতে বীজ, শুঁটি ও ডাল ধরনের খাবার খাওয়া শুরু করতে হবে। এগুলো থেকে মিলবে উদ্ভিজ্জ প্রোটিন।

‘সার্কুলেশন’ সাময়িকীতে প্রকাশিত প্রায় ৩৫টি পর্যবেক্ষণমূলক গবেষণার তথ্য নিয়ে করা বস্টনের ‘চ্যান স্কুল অফ পাবলিক হেল্থ’য়ের পর্যালোচনা অনুসারে, ‘রেড মিট’য়ের পরিবর্তে অধিক মাত্রায় উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণের ফলে কোলেস্টেরলসহ রক্তের অন্যান্য চর্বির মাত্রা উল্লেখযোগ্য মাত্রায় কমতে দেখা গেছে।

প্রক্রিয়াজাত খাবার বাদ

সাদা ভাত আর সাদা আটা ময়দা থেকে তৈরি কেক, বিস্কুট, রুটি খাওয়া এড়াতে হবে। ধীরে হজম হওয়া, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা কম রাখা, সারাদিন কম খিদা লাগা- এই ধরনের বিষয়গুলো নির্ভর করে ভোজ্য আঁশের ওপর। যা কি-না, প্রক্রিয়াজাত আটা ময়দা বা চালে থাকে না।

এর পরিবর্তে বেছে নিতে হবে- ওটস, বাদামি চাল বা অপ্রক্রিয়াজাত আট ও ময়দা।

স্বাস্থ্যকর চর্বি গ্রহণ

অলিভ অয়েলেও চর্বি আছে। তবে সেটা ‘মনোআনস্যাচুরেইটেড ফ্যাট’ যা কিনা হৃদযন্ত্রের জন্য স্বাস্থ্যকর।

চ্যান বলেন, “বেছে নিতে হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এতে থাকা ফেনোলিক যৌগ অন্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। ফলে কোষের ক্ষয় রোধ হয় আর ক্যান্সার ও হৃদরোগের বিরূদ্ধে যুদ্ধ করে।”

দুগ্ধজাত খাবার

মেডিটরিয়ান ডায়েট’য়ে যদিও দুধের কোনো জায়গা নেই। তবে অল্প পরিমাণে পনির ও দই খাওয়া যেতে পারে। 

চ্যান বলেন, “সাধারণ টক দই ও লবণ কম দেওয়া পনির খাওয়া যেতেই পারে। এগুলো প্রোটিনের ভালো উৎস।

সপ্তাহে দুবার মাছ খাওয়া

সারাক্ষণ মাছ খাওয়ার দরকার নেই। খালি নিয়ম করে সপ্তাহে কয়েকবার মাছ খাওয়ার অভ্যাস রপ্ত করতে হবে। বিশেষ করে চর্বিযুক্ত মাছ। যেগুলো থেকে মিলবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস।

এই উপাদান শুধু মেটাবলিক সিন্ড্রম থেকেই রক্ষা করে না পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত রাখতেও সাহায্য করে, জানান পুষ্টিবিদ চ্যান।

আরও পড়ুন:

পুরনো খবর:

খাদ্যাভ্যাসে কার্বোহাইড্রেইট কম থেকে ডায়াবেটিসের ঝুঁকি
যে খাদ্যাভ্যাসে গড়বে চর্বিহীন দেহ
‘ডায়েট’য়ের প্রচলিত ধারণার সত্যতা
কিটো ডায়েট হতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর