২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

আবার ফিরছে কার্পেটের ব্যবহার

আরাম, নীরবতা ও উষ্ণতার খোঁজে নতুন রূপে ফিরেছে পুরানো এই ঘরসজ্জা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

এক সময় ঘরের মেঝে মানেই ছিল কাঠ, টাইলস বা পাথরের মসৃণ আবরণ। পরে কিছুদিন গেছে যখন মেঝে পুরো খোলা রেখে শুধু মাঝখানে ছোট কার্পেট ব্যবহার করা হত।

তবে সাম্প্রতিক সময়ে ঘরসজ্জায় আবার ফিরে আসছে দেয়াল থেকে দেয়াল পর্যন্ত কার্পেট বিছানোর প্রবণতা। বিশেষ করে শোবার ঘর, পারিবারিক বসার ঘরে এই ধরনের কার্পেট নতুনভাবে ব্যবহার হচ্ছে।

ঘরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “আধুনিক বাড়িতে এখন এমন পরিবেশ চাহিদা বাড়ছে যেখানে আরাম, উষ্ণতা ও প্রশান্তির অনুভূতি থাকবে। শক্ত মেঝে অনেক সময় ঠাণ্ডা ও নিরাবেগ মনে হয়। এর বদলে নরম কার্পেট ঘরকে অনেক বেশি উষ্ণ ও আরামদায়ক করে তোলে।”

এ কারণেই পাতলা দেয়াল কার্পেট ব্যবহারের প্রবণতা বাড়ছে।

যে কারণে আবার জনপ্রিয় কার্পেট

ঘর সাজানোর ক্ষেত্রে শান্ত ও নিরাপদ- এই দুই বিষয় এখন প্রধান্য পায়।

দীর্ঘদিন শক্ত ও শীতল মেঝের ব্যবহার এক ধরনের ক্লান্তি তৈরি করতে পারে। তাই অনেকেই এখন এমন ঘর চান যেখানে পা রাখলেই নরম অনুভূতি পাওয়া যায় এবং পুরো ঘরে আরামের আবহ তৈরি হয়।

দেয়াল কার্পেট ঘরের মেঝেকে একটি আরামের আবহ দেয়। এতে মাঝখানে আলাদা কার্পেটের সীমানা থাকে না। ফলে ঘরকে বড় ও সুশৃঙ্খল দেখায় এবং পুরো জায়গাটির মধ্যে এক ধরনের ধারাবাহিকতা তৈরি হয়।

নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধা

কার্পেট ব্যবহারের আরেকটি বড় সুবিধা হল নিরাপত্তা। শক্ত মেঝের তুলনায় কার্পেট অনেক বেশি নিরাপদ।

এছাড়া ঘরে ছোট শিশু বা বয়স্ক মানুষ থাকলে কার্পেট পিছলে পড়ার ঝুঁকি অনেক কমিয়ে দেয়। শক্ত মেঝেতে হাঁটার সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে, তবে নরম কার্পেটে সে ঝুঁকি কম।

এছাড়া ভারী আসবাবপত্র সরানোর সময় কাঠ বা টাইলসের মেঝে অনেক সময় আঁচড় পড়ে যায়। কার্পেট থাকলে এই ধরনের ক্ষতির সম্ভাবনাও কমে যায়।

ঘরের সৌন্দর্যে ধারাবাহিকতা আনে

দেয়াল কার্পেট ব্যবহারের বড় সুবিধা হল- এটি ঘরের নকশায় একটি ধারাবাহিকতা তৈরি করে। মাঝখানে আলাদা কার্পেট ব্যবহার করলে অনেক সময় মেঝে খণ্ড খণ্ড দেখায়। তবে পুরো মেঝে এক ধরনের কার্পেটে ঢাকা থাকলে ঘর অনেক বেশি সুশৃঙ্খল ও বিস্তৃত মনে হয়।

“এই ধরনের কার্পেট ছোট ঘরকেও তুলনামূলক বড় মনে করাতে পারে। কারণ এতে মেঝের আলাদা সীমানা চোখে পড়ে না”, মন্তব্য করেন গুলশান নাসরিন।

অনেক সময় ঘরে দেয়াল বা আসবাবের নকশা খুব উজ্জ্বল হলে কার্পেট একটি শান্ত ভিত্তি তৈরি করে। এতে ঘরের অন্য সাজসজ্জা আরও বেশি ফুটে ওঠে।

শব্দ কমাতেও কার্যকর

কার্পেটের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল- এটি শব্দ শোষণ করতে পারে। শক্ত মেঝেতে হাঁটার শব্দ, চেয়ার টানা বা জিনিসপত্র পড়ার শব্দ অনেক বেশি শোনা যায়। তবে কার্পেট থাকলে এসব শব্দ অনেকটাই কমে যায়।

বিশেষ করে বহুতল ভবনের ক্ষেত্রে এটি বেশ উপকারী। কার্পেট থাকলে ওপরের তলার শব্দ নিচের তলায় কম পৌঁছায়।

শোবার ঘর বা বিশ্রামের ঘরে তাই অনেকেই কার্পেট ব্যবহার করতে পছন্দ করেন।

তবে কিছু অসুবিধাও আছে

দেয়াল কার্পেট ব্যবহারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সবচেয়ে বড় বিষয় হল- এটি পরিষ্কার রাখা তুলনামূলক কঠিন।

মাঝখানের ছোট কার্পেট সহজে তুলে ধুয়ে ফেলা যায়। তবে পুরো মেঝেজুড়ে কার্পেট থাকলে নিয়মিত পেশাদার পরিষ্কার করার প্রয়োজন হয়।

আরেকটি বিষয় হল- এটি স্থায়ী নকশা। একবার বসিয়ে দিলে সহজে পরিবর্তন করা যায় না। ফলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবা প্রয়োজন।

অ্যালার্জি ও স্বাস্থ্যঝুঁকি

কার্পেটের মধ্যে ধুলা জমে থাকার আশঙ্কাও থাকে। অনেক সময় ভারী আসবাবের নিচে পরিষ্কার করা কঠিন হয়ে যায়।

ফলে ধুলা বা অ্যালার্জির সমস্যা থাকলে কার্পেট ব্যবহারের আগে সতর্ক থাকতে হয়।

আবার অনেক মানুষ নিয়মিতভাবে ভারী আসবাব সরিয়ে নিচে পরিষ্কার করেন না। এতে ধুলা জমে থাকতে পারে।

এছাড়া আসবাব দীর্ঘদিন একই জায়গায় থাকলে কার্পেটে দাগ বা চিহ্ন পড়ে যেতে পারে।

বসানোর আগে যা ভাবা উচিত

কার্পেট বসানোর আগে কিছু বিষয় ভেবে দেখা জরুরি। প্রথমেই দেখতে হবে কার্পেট কোন উপাদান দিয়ে তৈরি।

বিভিন্ন ধরনের তন্তু দিয়ে কার্পেট তৈরি হয় এবং প্রতিটির স্থায়িত্ব ও যত্নের ধরন আলাদা।

প্রাকৃতিক তন্তুর কার্পেট অনেক সময় বেশি টেকসই হয়। বিশেষ করে উলের তৈরি কার্পেট তুলনামূলকভাবে ময়লা প্রতিরোধ করতে পারে এবং পরিষ্কার করাও সহজ।

কার্পেটের নিচে যে আস্তরণ ব্যবহার করা হয় সেটিও গুরুত্বপূর্ণ। ভালো মানের আস্তরণ ব্যবহার করলে হাঁটার সময় আরাম বেশি পাওয়া যায় এবং কার্পেট দীর্ঘদিন ভালো থাকে।

বাজেট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

অনেক সময় মনে হয় কার্পেট বসানো তুলনামূলক কম খরচের। তবে এর সঙ্গে বসানোর খরচ, আস্তরণ, পরিষ্কার ও ভবিষ্যতে বদলানোর খরচও যোগ হয়।

তাই কার্পেট বসানোর আগে পুরো ব্যয়ের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

আরও পড়ুন

গৃহসজ্জায় ফার্ম হাউজ স্টাইল

ঘরে রাখা যে গাছগুলো দীর্ঘজীবী হয়

ঘর সজ্জায় ফিরছে পুরানো ধারা

ঘরের রং বাছাইয়ে ভারসাম্য