গাজর নাকি ক্যাপ্সিকাম— বিটা ক্যারোটিনে এগিয়ে যে সবজি
দুই সবজি থেকেই মিলবে চোখ, ত্বক ভালো রাখার উপাদান।
শরীরের ভেতরের সুস্থতা ধরে রাখতে রঙিন সবজি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। সালাদে, রান্নায় কিংবা হালকা নাশতায় গাজর আর ক্যাপ্সিকাম দুটিই বেশ পরিচিত।
দেখতে রঙিন, খেতে সহজ এই দুই সবজিকেই প্রায় সমানভাবে পুষ্টিকর মনে করা হয়।
তবে চোখের যত্ন, রোগপ্রতিরোধ ক্ষমতা ও ত্বকের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ উপাদান ‘বিটা ক্যারোটিন’ গাজর ও ক্যাপ্সিকামে থাকলেও, কিছুটা পার্থক্য আছে।
পুষ্টিবিদদের মতে, এই প্রতিযোগিতায় গাজর অনেকটাই এগিয়ে।
বিটা ক্যারোটিন যে কারণে জরুরি
বিটা ক্যারোটিন এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে গিয়ে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়। এই ভিটামিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে, সংক্রমণের ঝুঁকি কমাতে এবং ত্বকের কোষ সুস্থ রাখতে উপকারী।
যুক্তরাষ্ট্রভিত্তিক পুষ্টিবিদ ডেসটিনি মুডি রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “বিটা ক্যারোটিন শরীরের ভেতরের প্রদাহ কমাতে এবং দীর্ঘমেয়াদি হৃদরোগ কিংবা কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে ভালো কাজ করে।”
গাজরের পুষ্টিগুণ
সবজির মধ্যে গাজরকে বিটা ক্যারোটিনের সবচেয়ে সমৃদ্ধ উৎসগুলোর একটি বলা হয়।
ডেসটিনি মুডির ভাষায়, “গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরে অক্সিডেটিভ চাপ কমায়, যা নানান দীর্ঘমেয়াদি রোগের অন্যতম কারণ। চোখের স্বাস্থ্যের দিক থেকেও গাজরের গুরুত্ব অনেক।”
আরেক পুষ্টিবিদ লিন্ডসি শোয়েনফেল্ড বলেন, “ভিটামিন ‘এ’ চোখের ভেতরের আলো সংবেদনশীল প্রোটিন তৈরিতে সাহায্য করে। ফলে অল্প আলোতেও দেখতে সুবিধা হয়। গাজর নিয়মিত খেলে রাতকানা, চোখের ছানি বা বয়সজনিত দৃষ্টিহীনতার ঝুঁকিও কমতে পারে।”
গাজরে থাকা আঁশ হজম ধীর করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। এতে পেট ভরা ভাবও দীর্ঘক্ষণ থাকে।
কাঁচা গাজরের পাশাপাশি হালকা সেদ্ধ বা রান্না করা গাজরে বিটা ক্যারোটিন শরীর আরও ভালোভাবে গ্রহণ করতে পারে।
ক্যাপ্সিকামের পুষ্টিগুণ
ক্যাপ্সিকামও কম পুষ্টিকর নয়। বিশেষ করে লাল ক্যাপ্সিকামে বিটা ক্যারোটিনের পরিমাণ সবুজ বা হলুদের চেয়ে বেশি। তবে গাজরের তুলনায় কিছুটা কম।
ডেসটিনি মুডির মতে, “ক্যাপ্সিকামের বড় শক্তি হল ভিটামিন ‘সি’। একটি মাঝারি লাল ক্যাপ্সিকামে ভিটামিন ‘সি’-এর পরিমাণ অনেক ফলের চেয়েও বেশি। এই ভিটামিন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ক্ষত সারাতে এবং ত্বকের কোলাজেন তৈরি করতে ভাল ভাবেই সাহায্য করে।”
ক্যাপ্সিকামে থাকা ক্যারোটিনয়েডস এবং ভিটামিন ‘সি’ একসঙ্গে ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে।
এছাড়া এই উপাদানগুলো ত্বকের কোষ পুনর্গঠনে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়তা করে। আবার মুখগহ্বরের স্বাস্থ্যের ক্ষেত্রেও ক্যাপ্সিকামের অ্যান্টিঅক্সিডেন্ট উপকারী হতে পারে।
বিটা ক্যারোটিনে কিসে বেশি
সংখ্যার হিসাবে পার্থক্যটা বেশ বড়ই।
পুষ্টিবিদ ডেসটিনি মুডির ব্যাখ্যায়, “এক কাপ কাঁচা গাজরে প্রায় দশ থেকে এগারো হাজার মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন থাকতে পারে। রান্না করা গাজরে এই পরিমাণ আরও বাড়ে।”
অন্যদিকে এক কাপ লাল ক্যাপ্সিকামে বিটা ক্যারোটিন থাকে গড়ে দুই থেকে আড়াই হাজার মাইক্রোগ্রামের মতো। অর্থাৎ বিটা ক্যারোটিনের উৎস হিসেবে গাজর ক্যাপ্সিকামের চেয়ে চার থেকে পাঁচ গুণ এগিয়ে।
তাই চোখের স্বাস্থ্য বা ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণে গাজরই বেশি কার্যকর।
যে কারণে দুটাই দরকার
তবু পুষ্টিবিদরা কোনোভাবেই ক্যাপ্সিকাম বাদ দিতে বলছেন না।
মার্কিন পুষ্টিবিদ লিন্ডসি শোয়েনফেল্ডের মতে, “প্রতিটি সবজির আলাদা শক্তি আছে। গাজর ভিটামিন ‘এ’-এর দারুণ উৎস, আর ক্যাপ্সিকাম ভিটামিন ‘সি’-সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তাই এই দুই সবজি একে অন্যের বিকল্প নয়, বরং পরিপূরক।”
গাজর খাওয়ার সহজ উপায়
অনেকেই কাঁচা গাজর খেতে পছন্দ করেন না। তবে সামান্য তেলে গাজর ভেজে বা সেঁকে নিলে এর প্রাকৃতিক মিষ্টতা বের হয়ে আসে। আবার পাতলা ফালি করে সালাদেও ব্যবহার করা যায়।
ভাজি, সবজি রান্না বা হালকা ঝোলেও গাজর সহজে মানিয়ে যায়। আর রান্না করা গাজরে বিটা ক্যারোটিন শরীরে বেশি শোষিত হয়।
আরও পড়ুন
