রমজানে ডায়াবেটিস রোগীর খাবার
রোজা রাখলে ডায়াবেটিকদের খাদ্যতালিকায় বিশেষ নজর রাখার প্রয়োজন হয়।
ডায়াবেটিস একটি রোগ যেখানে আগে থেকেই মিষ্টি ধরনের খাবারের বিধি নিষেধ আছে। তাই যারা ডায়াবেটিক এবং রোজা রাখতে চান তারা কী খাবেন আর কী খাবেন না, তা নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগেন।
এ রোগের সাথে যদি আরও কোনও জটিলতা থাকে তাহলে শারীরিক অবস্থা বুঝে পুষ্টিবিদের পরামর্শে খাদ্যতালিকা প্রস্তুত করা জরুরি।
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দিনাজপুরের ‘রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’য়ের পুষ্টিবিদ লিনা আকতার।
ইফতারে
প্রথমত ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রোজা রাখতে হলে, তিন মাসে আগে থেকে ‘সুগার কন্ট্রোল’ থাকা উচিত। কেননা এতে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে। আর যাদের ‘সুগার কন্ট্রোল’য়ে আছে তারা নিয়ম মেনে রোজা রাখতে পারবেন।
সাধারণত ডায়াবেটিকদের দিনে ছয় বেলা খাবার গ্রহণ করতে বলা থাকলেও রমজানে খাওয়ার সময় পান তিন বেলা। তাই এখানে একটি বেলার খাবার বেশি খাব আর একটি বেলার খাবার খাব না, এই রমজানে তা ভুলেও করা যাবে না।
কেননা এতে শর্করার মাত্রায় ভারসাম্য হারাতে পারে। এজন্য প্রতি বেলার খাবার সময়মতো অল্প অল্প করে খেতে হবে।
সাধারণত সারাদিন রোজা রাখার পর শরীর পানিশূন্যতা থাকে বেশি। এজন্য একেবারে অধিক পরিমাণে পানি পান করা যাবে না বিশেষ করে শরবতের মতো ঘন পানীয়। এটি শরীরে শোষিত হতে অধিক সময় লাগে যা হজমে বিঘ্ন ঘটে।
এজন্য পাতলা করে শরবত খেতে হবে। এছাড়া ইফতারে পানিশূন্যতা এড়াতে ডায়াবেটিস রোগীরা ডাবের পানি, ইসবগুলের ভূসির শরবত, তোকমা, টক দইয়ের লাচ্ছি, চিনি ছাড়া লেবুর শরবত, কাঁচা আমের জুস ইত্যাদি পান করতে পারেন।
যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা প্রথমে টকধর্মী শরবত না গ্রহণ করে সবজির সুপ, সবজি জুস করে খেতে পারেন।
এছাড়া ইফতারি হতে হবে সকালে নাস্তার সমান যা সারাদিনের মোট খাবারের তিন ভাগের এক ভাগ।
এজন্য কয়েকটি স্বাস্থ্যকর খাবার হল কাঁচা ছোলা সিদ্ধর সাথে আদা, টমেটো, পুদিনা ও অল্প লবণ মিশিয়ে মুড়ি মাখানো।
আরও খেতে পারে- দই চিড়া, দই বড়া, নরম খিচুড়ি, লাল আটার রুটি, লাল চালের ভাত, শসার রায়তা, ডিম সিদ্ধ, সাবু দানা মেশানো সুপ, নানান রকম ফল বা ফলের সালাদ যে কোনো একটি।
তবে অবশ্যই ডালের তৈরি খাবার একের অধিক খাওয়া যাবে না। যেমন- ডালের বড়া, ঘুঘনি, খিচুড়ি, হালিম, চটপটি যে কোনো একটি।
মিষ্টি ফলের মধ্যে যে কোনো একটি, যেমন- কলা, আপেল, খেজুর, কমলা, আম, আপেল, নাশপাতি, পেয়ারা, পেঁপে, ইত্যাদি পরিমাণ মতো খাওয়া যেতে পারে।
পাশাপাশি ইফতারিতে অধিক ভাজাপোড়া, তৈলাক্ত, মসলাদার খাবার বর্জন করতে হবে। কারণ এতে অ্যাসিডিটি, বুকজ্বালাপোড়া মতো সমস্যা সৃষ্টি করবে।
রাতের খাবার
ইফতার পরেই রাতের সময়কাল খুব অল্প। অনেকে ইফতারে বেশি খাবার খেয়ে রাতের খাবার বাদ দেন। যা একেবারে ঠিক নয়। এ সময় হালকা খাবার খাওয়া উপকারী।
হালকা মসলায় রান্না করা ছোট মাছ, মুরগি, মাংস সবজি, ডাল, শিমের দানা, সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে।
এছাড়া লাল আটার রুটি, চিড়া, মুড়ি, খই, ওটস- যে কোনো একটি পরিমাণ মতো খেতে পারেন। অবশ্যই ভুনা করা খাবার থেকে বিরত থাকতে হবে।
সেহেরির খাবার
সেহেরির খাবারটি খাওয়া হয় রাতের শেষ প্রহরের দিকে। এজন্য অনেকে পর্যাপ্ত পানি গ্রহণের সময় পায় না।
তাই প্রোটিনযুক্ত খাবারের মধ্যে- মাছ, মুরগি, ডিম বেছে নিতে পারেন। গরুর মাংস, ডাল না খাওয়াই ভালো। কারণ এগুলো পানির চাহিদা বাড়ায়।
এছাড়া যাদের আগে থেকে হজমজনিত সমস্যা আছে তাদের এ সময়- ডাল, মাংস এড়িয়ে চলাই ভালো। আবার এ সময় দুধ পান করলে ডাল খাওয়ার প্রয়োজন নেই।
কিছু করণীয়
১. অতিরিক্ত ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবারগুলো পরিহার করা।
২. একদিনে সব পদ না খেয়ে একদিন পর পর একটি করে রান্না করা।
৩. এক খাবার ফ্রিজে রেখে অনেকদিন যাবত খাবেন না।
৪. সারাদিন রোজা রেখে এমনিতেই পানিশূন্যতা থাকে বেশি। এজন্য বেশি করে চা, কফি পান করা যাবে না। এতে শরীর আরও পানিশূন্যতায় ভুগবে।
৫. ভুনা খাবার পরিহার করে তরল বা পানিজাতীয় খাবার বেশি খান।
৬. যাদের ডায়াবেটিসের সাথে ইউরিক অ্যাসিড বা বাতজনিত সমস্যা আছে তাদের বেসন ও ডালের তৈরি খাবার কম খেতে হবে কিংবা কারও ক্ষেত্রে বন্ধ হতে পারে এইজন্য পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।
৭. যাদের ডায়াবেটিসের সঙ্গে প্রেসার আছে তারা বাইরের কেনা সকল প্রক্রিয়াজাতকরণ খাবার, মুড়ি, সামুদ্রিক মাছ, গরুর মাংস বা চপ খাবেন না।
৮. যাদের ওজন বেশি ও হৃদরোগ আছে তারা এই রমজানে ডুবো তেলে ভাজা খাবার ও ছাঁকা তেলে ভাজা খাবার এড়িয়ে চলবেন। যেমন- আলুর চপ, বেগুনি, আলু পুড়ি, বেগুনি, ডালের বড়া ইত্যাদি।
কারণ এসব খাবারে ভিটামিনস ও খনিজের পরিমাণ কমে যায়। এছাড়া ছাঁকা তেল পরে ট্রান্সফ্যাট হয় যা ‘অ্যালডিহাইড’ নামে জৈব রাসায়নিক প্রভাবে বিভিন্ন জটিল রোগ হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে।
৯. রমজানে অতিরিক্ত ঝাল খাবারগুলোও এড়িয়ে চলুন। কারণ এসব খাবারগুলো অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে তোলে।
আরও পড়ুন
