মুরগির মাংসের যে অংশে কোলেস্টেরল কম
যে কোনো প্রাণিজ খাবার থেকেই মিলবে কোলেস্টেরল। তবে পরিমাণের ওপরে নির্ভর করে অনেক কিছু।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে বেছে নিতে বলা হয় ‘লিন মিট’ বা চর্বিহীন মাংস।
আর এই ধরনের মাংসের অন্যতম উৎস মুরগি।
তবে মুরগির মাংসের মাঝেও কোলেস্টেরল থাকে। আর রান্না ভেদে পরিমাণেও পার্থক্য হয়।
হেল্থলাইন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কোলেস্টেরল হল এক ধরনের চর্বি যা তৈরি হয় আমাদের যকৃতে। তবে প্রাণিজ উৎস থেকে আসা সব ধরনের খাবার থেকে এই কোলেস্টেরল মেলে। সেই হিসেবে মুরগির মাংসও এই তালিকায় পড়ে।
ভোজ্য ও শারীরিক দুই উৎস থেকে কোলেস্টেরল পাওয়ার কারণে, এর মাত্রা হয়ে যেতে পারে প্রয়োজনের অতিরিক্ত।
হরমোন তৈরি আর চর্বি হজম করতে একটি নির্দিষ্ট মাত্রায় কোলেস্টেরল প্রয়োজন, তবে অতিরিক্ত হলে রক্তনালী সরু কিংবা পুরোপুরি আটকে দিতে পারে।
উপকারী ও অপকারী কোলেস্টেরল
‘লো-ডেনসিটি লিপোপ্রোটিন (এলডিএল)’ এবং ‘হাই-ডেনসিটি লিপোপ্রোটিন (এইচডিএল)’ হল কোলেস্টেরলের দুই ধরন।
এদের মধ্যে ক্ষতিকর হল ‘এলডিএল’। এই ‘লাইপোপ্রোটিন’ যকৃত থেকে রক্ত প্রবাহে কোলেস্টেরল বহন করে এবং এই প্রক্রিয়া চলাকালে রক্তনালীর গায়ে তা লেগে যায়। আর জমতে জমতে এক পর্যায়ে রক্তনালী সরু হয় ও রক্ত প্রবাহে বাধা তৈরি করে।
অপরদিকে ‘এইচডিএল’ ভালো কোলেস্টেরল রক্তের মাধ্যমে চলে যায় যকৃতে। আর সেখানে সেটা আরও ভেঙে ফেলা হয়। যে কারণে কোনো সমস্যাই তৈরি হয় না।
মুরগির মাংসে কোলেস্টেরল
সব ধরনের প্রাণিজ খাবার থেকেই কোলেস্টেরল মিলবে। তাই মুরগির মাংসেও এই ঝুঁকি থাকে। তবে এতে কোলেস্টেরল ও চর্বি- দুটোর মাত্রাই প্রাকৃতিকভাবেই অনেক কম।
আর কোলেস্টেরল পরিমাণ মুরগির বুকের মাংসে কম থাকে।
এছাড়া চামড়া-সহ নাকি ছাড়ানো- এই বিষয়ের ওপরেও কোলেস্টেরলের মাত্রা ভিন্ন হয়। আর মুরগির উরু পাখা, পা ইত্যাদিতে কোলেস্টেরলের মাত্রা ক্রমেই বাড়ে।
রান্না ধরনে কোলেস্টেরলের পার্থক্য
সাধারণভাবে মুরগির বুকের মাংসে কোলেস্টেরলের মাত্রা কম। তবে রান্নার পদ্ধতির ওপরেও অনেক কিছু নির্ভর করে।
যেমন- ১০০ গ্রাম মুরগির বুকের মাংস
শুধু ময়দায় গুলিয়ে ভেজে খেলে মিলবে: ৮৯ মি.লি.গ্রাম কোলেস্টেরল
বিভিন্ন ধরনে মণ্ডতে গুলিয়ে খেলে মিলবে: ৮৫ মি.লি.গ্রাম কোলেস্টেরল
রোস্ট করলে মিলবে: ৮৪ মি.লি.গ্রাম কোলেস্টেরল
চামড়া ছাড়া সুপ তৈরি করে খেলে মিলবে: ৭৭ মি.লি.গ্রাম কোলেস্টেরল
এছাড়া পরিমাণের ওপরেও অনেক কিছু নির্ভর করে। ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’য়ের নির্দেশনা হল, দৈনিক তিন আউন্স গ্রহণ করতে হবে, অর্থাৎ মুরগির বড় একটি বুকের মাংসের অর্ধেক পরিমাণ।
আরও পড়ুন
