২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে খাবার ভালোভাবে চিবানো প্রয়োজন

যদি গিলতে পানি লাগে তবে বুঝতে হবে খাবার ভালো মতো চিবানো হচ্ছে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

ধীরে খাও, ভালো করে চিবিয়ে খাও- এই কথা ছোট বয়সে প্রায়ই শুনতে হয়েছে প্রায় সবার। যদিও তখন হয়ত উপেক্ষা করেছেন অনেকেই।

তবে বিজ্ঞান বলছে, এই উপদেশ কেবল ভদ্রতার নিয়ম নয় বরং হজম প্রক্রিয়া, পুষ্টি শোষণ, এমনকি স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য অপরিহার্য।

খাবার ভালোভাবে চিবানো কেন জরুরি? সঠিকভাবে কতবার চিবানো উচিত? ঠিকমতো না চিবালে কী কী সমস্যা হয়? এ বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকলেই কেবল তাড়াতাড়ি করে খাবার খাওয়ার পুরানো অভ্যাস পরিবর্তন সম্ভব।

যে কারণে চিবানো জরুরি

যুক্তরাষ্ট্রভিত্তিক পুষ্টিবিদ ও ‘হিলিং নিউট্রিশন’-এর প্রতিষ্ঠাতা জোহান্না পি. সালাজার রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “হজম প্রক্রিয়া পেট থেকে শুরু হয় না, বরং মুখে শুরু হয়। খাবার চিবানোর সময় লালাগ্রন্থি সক্রিয় হয় এবং লালারস নিঃসৃত হয়। এতে থাকা এনজাইম, যেমন- ‘অ্যামাইলেস’ ভাঙে শর্করা, আর ‘লিপেইস’ চর্বি ভাঙতে সাহায্য করে।”

“লালায় আরও থাকে মিউকাস, যা খাবারের কণাগুলো একসাথে বাঁধতে ও গিলতে সহায়তা করে। পাশাপাশি এটি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনের সংকেত পাঠায়, যাতে খাবার আসার জন্য পাকস্থলী প্রস্তুত হয়”- বলেন তিনি।

কতবার চিবানো উচিত?

সালাজার এর মতে, “গড়ে প্রতিটি কামড় ৩০ বার চিবানো ভালো, তবে খাবারের ধরন অনুযায়ী এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।”

যেমন— ওটমিল প্রায় ২০ বার চিবানো যথেষ্ট। তবে বাদাম-ধর্মী খাবার ৩০ বার পর্যন্ত চিবানো প্রয়োজন।

এক্ষেত্রে সঠিক নিয়ম হল— খাবার মুখে এমনভাবে চিবানো, যাতে এর গঠন পুরোপুরি নরম হয়ে প্রায় তরল বা শিশুখাদ্যের মতো হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সুপ্রিয়া রাও বলেন, “যদি খাবার পুরোপুরি গঠন হারিয়ে ফেলে এবং সহজে গিলে ফেলা যায়, তবে বুঝবেন সঠিকভাবে চিবানো হয়েছে। যদি গিলতে পানি লাগে, তাহলে বোঝা যাবে খাবার পুরোপুরি চিবানো হয়নি।”

ভালোভাবে না চিবানোর দীর্ঘমেয়াদি প্রভাব

হৃদপিণ্ডে জ্বালা বা হার্টবার্ন: সালাজার বলেন, “যখন খাবার ভালোভাবে চিবানো হয় না তখন পাকস্থলীতে যথেষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় না। ফলে খাবার সঠিকভাবে ভাঙে না, গ্যাস তৈরি হয়, যা খাদ্যনালীতে উঠে গিয়ে জ্বালাভাব সৃষ্টি করে।”

হজমের সমস্যা: খাবার ছোট টুকরায় না ভাঙলে অন্ত্রের ব্যাক্টেরিয়া সেটিকে ‘ফারমেন্ট’ করতে শুরু করে। এতে গ্যাস, পেটফাঁপা, অম্বল, এমনকি কোষ্ঠকাঠিন্য হতে পারে।

পুষ্টি শোষণে ব্যাঘাত: চিবানো প্রক্রিয়ায় শর্করা, প্রোটিন ও চর্বি ক্ষুদ্রতম আকারে ভেঙে যায় (মনোস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড)। এগুলো ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়। খাবার ভালোভাবে চিবানো না হলে এই ভাঙন অসম্পূর্ণ হয় এবং প্রয়োজনীয় পুষ্টি শরীরে প্রবেশ করতে পারে না।

অতিরিক্ত খাওয়া: ডা. রাও বলেন, “খাবার ভালোভাবে না চিবালে খাওয়ার গতি বেড়ে যায়, ফলে তৃপ্তির সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই অনেক বেশি খাওয়া হয়ে যায়। এতে ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল ও ডায়াবেটিসসহ ‘মেটাবলিক সিন্ড্রোম’ হওয়ার ঝুঁকি বাড়ে।”

খাওয়ার আনন্দ কমে যাওয়া: খুব দ্রুত খেলে খাবারের স্বাদ, গন্ধ ও গঠন পুরোপুরি উপভোগ করা যায় না। সচেতনভাবে ধীরে চিবিয়ে খেলে শুধু স্বাদই নয়, হজমও ভালো হয়।

সঠিকভাবে খাবার চিবানোর ধাপ

চিবানোর অভ্যাস উন্নত করার অতিরিক্ত পরামর্শ

যুক্তরাষ্ট্রের ফাংশনাল মেডিসিন বিশেষজ্ঞ জুলি টেইলর একই প্রতিবেদনে পরামর্শ দেন, “খাবারের সময় মোবাইল, টিভি, কম্পিউটার ব্যবহার কমান।”

সোজা হয়ে বসে খান: কুঁজো হয়ে বা শুয়ে খেলে গিলতে অসুবিধা হয়।

অত্যধিক ক্ষুধার্ত হয়ে না খাওয়া: খুব ক্ষুধার্ত অবস্থায় খেলে খাওয়ার গতি বেড়ে যায়।

শান্ত পরিবেশে খাওয়া: চাপ বা দুশ্চিন্তার মধ্যে খেলে অজান্তেই দ্রুত খাওয়া হয়।

আরও পড়ুন

খাবার হয়ত ভুলভাবে চিবাচ্ছেন

বরফ চিবানোর ক্ষতিকর দিক

যে কারণে দাঁতের ফাঁকে মাংস আটকায়